প্রকৃতির খেয়ালে চলে বিদ্যুৎ!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আকাশে বিদ্যুৎ চমকালেই ধারণা হয়ে যায়, এই বুঝি বিদ্যুতের ভোগান্তি শুরু হলো। ঘটেও ঠিক তাই। পুরো জেলায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যায়। ঘণ্টা দুয়েক পর বিদ্যুৎ কার্যালয়ে খবর নেওয়া হলে জানানো হয়, মেইন লাইনে ত্রুটি, কাজ চলছে। বিদ্যুৎ কখন আসবে বলা যাচ্ছে না। এই হলো খাগড়াছড়ি জেলার বিদ্যুৎ সরবরাহের অবস্থা। আক্ষেপ করে কথাগুলো বলছিলেন খাগড়াছড়ির একজন ব্যবসায়ী। খাগড়াছড়ি জেলার বিদ্যুৎ সঞ্চালনব্যবস্থা ১২০ কিলোমিটার দূরবর্তী হাটহাজারি রিয়েল উপকেন্দ্র থেকে নিয়ন্ত্রিত। বিকল্প সঞ্চালন ব্যবস্থা না থাকায় রিয়েল উপকেন্দ্রে সামান্য ত্রুটিতে পুরো জেলায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যায়। মূলত প্রকৃতির ওপর নির্ভর হয়ে আছে ১১ উপজেলার বিদ্যুৎ সরবরাহব্যবস্থা। জেলার বিদ্যুৎ সমস্যা দূর করতে বিভিন্ন সামাজিক সংগঠন মানববন্ধনসহ বিভিন্ন কর্মসূচি পালন করেছে। ১০ আগস্ট চট্টগ্রামে অনুষ্ঠিত বিদ্যুৎ ও জ্বালানিবিষয়ক সভায় মন্ত্রণালয়ের সচিবের কাছে বিষয়টি তুলে ধরা হয়।বিদ্যুৎ উন্নয়ন বোর্ড—পিডিবি সূত্রমতে, রিয়েল উপকেন্দ্রের আওতায় খাগড়াছড়ি, দীঘিনালা, মহালছড়ি, রামগড় ও জালিয়াপাড়ায় ৩৩ কেভি সম্পন্ন পাঁচটি উপকেন্দ্র রয়েছে। এসব উপকেন্দ্রের মাধ্যমে জেলার আটটি ও রাঙামাটির তিনটি উপজেলায় বিদ্যুৎ সরবরাহ করা হয়। বিকল্প সরবরাহব্যবস্থা না থাকায় ১২০ কিলোমিটারে শত শত খুঁটির মধ্যে বজ্রপাতে কোনো একটির ইন্সুলেটর (খুঁটিতে বিদ্যুতের তার আটকানোর চীনামাটির তৈরি খাপ) ভেঙে গেলে উপকেন্দ্রগুলোতে বিদ্যুৎ সরবরাহ করা যায় না। বিদ্যুৎ এলেও সঙ্গে সঙ্গে উপকেন্দ্রের ট্রান্সফরমারগুলোর ফিউজ কেটে যায়। ফলে এই ১২০ কিলোমিটার দূরের খুঁটিগুলো একটি একটি করে ইন্সুলেটর পরীক্ষা করে ত্রুটি বের করতে হয়। এটা করতে গিয়ে দুদিন পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকে।১৯৯৭ সালে খাগড়াছড়ি জেলায় বিকল্প বিদ্যুৎ সঞ্চালনব্যবস্থা ও জাতীয় গ্রিড কাপ্তাই লাইন থেকে বিদ্যুৎ সঞ্চালনব্যবস্থা চালুর জন্য ১৩২ কেভি ক্ষমতাসম্পন্ন রিয়েল উপকেন্দ্র স্থাপনের প্রকল্প নেওয়া হয়। মহালছড়ির সিন্ধুকছড়ি এলাকায় স্থান নির্ধারণ ও খুঁটি পুঁতে তারও টানা হয়েছিল। কিন্তু দীর্ঘ এক যুগেও সেই প্রকল্প আলোর মুখ দেখেনি। খুঁটির তারগুলোও চুরি হয়ে গেছে। বিকল্প বিদ্যুৎ সঞ্চালনব্যবস্থা না থাকায় সামান্য গোলযোগ দেখা দিলেই পুরো জেলার বিদ্যুৎ সরবরাহব্যবস্থা বন্ধ হয়ে যায়।বিদ্যুৎ কার্যালয়ের কয়েকজন কর্মচারী নাম প্রকাশ না করার শর্তে বলেন, সবাই বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত পেতে চায়, অথচ জেলায় কোনো বিকল্প বিদ্যুৎ সরবরাহব্যবস্থা নেই। এখন আকাশে মেঘ জমলে শুধু গ্রাহকই নয়, তাদেরও মন খারাপ হয়ে যায়। কারণ বিদ্যুতের খুঁটিগুলো সব জঙ্গল পরিবেষ্টিত পাহাড়ে। ইন্সুলেটর পরীক্ষা করার জন্য প্রত্যেকটি খুঁটি যাচাই-বাছাই করতে গিয়ে তাদের অবস্থা কাহিল হয়ে যায়।ব্যবসায়ী মোহাম্মদ কাশেম আক্ষেপ করে বলেন, ১২০ কিলোমিটার দূরবর্তীর শত শত খুঁটির মধ্যে একটি খুঁটির ত্রুটির কারণে ১১ উপজেলায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যাওয়ার বিষয়টি বর্তমান সময়ের জন্য অবশ্যই আশ্চর্যজনক। খাগড়াছড়ির পৌর মেয়র রফিকুল আলম বলেন, বিশ্বের আর কোথাও হয়তো এ ধরনের দীর্ঘ লাইনের বিদ্যুৎ সঞ্চালনব্যবস্থা নেই। তিনি ১০ আগস্ট চট্টগ্রামে অনুষ্ঠিত সভায় খাগড়াছড়ির বিদ্যুৎ সমস্যা দূরীকরণে একটি রিয়েল উপকেন্দ্র স্থাপন ও সেমুতং গ্যাস ফিল্ডের গ্যাস সুবিধা পাওয়ার জন্য বিদ্যুৎ সচিবের কাছে দাবি জানিয়েছেন। বিদ্যুৎ সচিব সমস্যা সমাধানের আশ্বাস দিয়েছেন।এ প্রসঙ্গে পিডিবির খাগড়াছড়ির নির্বাহী প্রকৌশলী অতিক্রম চাকমার সঙ্গে অনেক চেষ্টা করেও কথা বলা যায়নি। পিডিবির দীঘিনালা উপকেন্দ্রের আবাসিক প্রকৌশলী যত্ন মানিক চাকমা বলেন, যত দিন বিকল্প সঞ্চালনব্যবস্থা না হচ্ছে তত দিন এই ভোগান্তি যাবে না। জেলা প্রশাসক আনিস উল হক ভূঁইয়া প্রথম আলোকে বলেন, খাগড়াছড়ির বিদ্যুৎ সমস্যার বিষয়টি ১০ আগস্টের সভায় বিস্তারিত তুলে ধরা হয়েছে। বিদ্যুৎ সচিব সমস্যা সমাধানের আশ্বাস দিয়েছেন।