প্রকৃতির দয়ায় বেঁচে আছে ওরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খাগড়াছড়ির দীঘিনালার দুর্গম গ্রাম লম্বাছড়া। এর একটি শাখা গ্রামের নাম রাইন্যাপাড়া। জুম চাষ করতে এসে ফিরে না গিয়ে জুমের পাশেই বসতি স্থাপন করায় গ্রামের নাম হয়েছে রাইন্যা বা জুমিয়াপাড়া। গ্রামটিতে ২৫টি পরিবারের বসবাস এবং সবাই ত্রিপুরা। গ্রামটির আশপাশে রতিপাড়া, লম্বাছড়া চাকমাপাড়া, ত্রিপুরাসহ আরও কয়েকটি গ্রাম রয়েছে। চারটি গ্রামে সাড়ে তিন শতাধিক পরিবারের বাসবাস। গ্রামগুলোতে বিশুদ্ধ খাবার পানির ব্যবস্থা নেই। স্বাস্থ্যকর্মীদেরও দেখা মেলে না। বিদ্যালয় না থাকায় গ্রামের শিশুরা পড়ালেখা করে না। লম্বাছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় নামে একটি শিক্ষাপ্রতিষ্ঠান থাকলেও সেটি গ্রামগুলো থেকে সাত-আট কিলোমিটার দূরে। গ্রামগুলোতে কোনো রাস্তাঘাট নেই। শুষ্ক মৌসুমে কোনো রকমে চলাফেরা করতে পারলেও বর্ষায় মানুষেরা অনেকটা বন্দী জীবনযাপন করে। দীর্ঘ পথ হেঁটে লম্বাছড়ার গ্রামগুলো দেখতে গিয়ে বটবৃক্ষের নিচে বসা এক বৃদ্ধের দেখা মেলে। তাঁর চারপাশে ছোট ছোট শিশুও বসে আছে। বৃদ্ধ জানান, তাঁর নাম বলয় দাশ বৈষ্ণব, বয়স ৭৪। তাঁর স্ত্রী নেই। তিন ছেলে, চার মেয়ে সবাই যার যার সংসার নিয়ে আলাদা হয়ে গেছে। বৃদ্ধের খোঁজ কেউ রাখে না। বলয় দাশ বৈষ্ণব জানান, আদিবাসীদের খবর কেউ রাখেন না। ভোট এলে কষ্ট করে ১৫ কিলোমিটার দূরে হেঁটে মেরুং গিয়ে ভোট দেন তাঁরা। ভোটের পর জনপ্রতিনিধিরা আর খবর রাখেন না। তিনি একটি বয়স্ক ভাতার কার্ডের দাবি জানান। সুরেন্দ্র ত্রিপুরা (৭০) নামের আরেক বৃদ্ধও বয়স্ক ভাতার কার্ড চান। পার্শ্ববর্তী লম্বাছড়া চাকমাপাড়ার শান্তিরঞ্জন চাকমা, জগদীশ চাকমা ও অরুণ শান্তি চাকমা বলেন, ‘আমরা চার-পাঁচটি গ্রামের মানুষ প্রকৃতির দয়ায় বেঁচে আছি। গ্রামগুলোতে নেই রাস্তা, বিশুদ্ধ পানির ব্যবস্থা, আর চিকি ৎ সাসেবা তো স্বপ্নের মতো। দুর্গম এলাকা হওয়ায় গ্রামগুলোর খবর কেউ রাখে না।’ মেরুং ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের দুর্গম রথিচন্দ্র কার্বারিপাড়ায় ৫০টি আদিবাসী পরিবারের বসবাস। এই গ্রামে কোনো বিদ্যালয় নেই। গ্রাম থেকে বিদ্যালয়ের দূরত্ব প্রায় আট কিলোমিটার। গ্রামে নলকূপ নেই, স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত গ্রামের মানুষ। এই গ্রামের নারীরা এখনো জন্মনিয়ন্ত্রণ পদ্ধতি সম্পর্কে জানেন না। গ্রামের রতেন বালা ত্রিপুরা (৩২) বলেন, ‘আমরা ছড়া ও কুয়ার পানি খেয়ে বেঁচে আছি। সপ্তাহে এক দিন বাজার করে আনতে হয়। বিদ্যালয় না থাকায় আমাদের ছেলেমেয়েরা লেখাপড়া করতে পারে না।’ স্থানীয় ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য হিরুময় ত্রিপুরা গ্রামগুলোর দুর্দশার সত্যতা নিশ্চিত করে বলেন, গ্রামগুলোতে স্বাস্থ্যকর্মী যান না। নলকূপ নেই, স্কুল নেই। প্রতিটি ঘরে পাঁচ-ছয়টি করে ছেলেমেয়ে। গ্রামের রাস্তাঘাটের উন্নয়নের জন্য প্রশাসনের কাছে আবেদন জানানো হবে। উপজেলা সমাজসেবা কর্মকর্তা বিশ্বজি ৎ চাকমা বলেন, দুর্গম অঞ্চলের সহজ-সরল মানুষদের সরকারি সুযোগ-সুবিধা দেওয়া প্রয়োজন। বয়স্ক ভাতার নতুন নাম তালিকাভুক্তির নির্দেশ এলে গ্রামগুলোর বৃদ্ধদের কার্ড দেওয়ার ব্যবস্থা করা হবে বলে আশ্বাস দেন তিনি। উপজেলা পরিষদ চেয়ারম্যান ধর্ম্মবীর চাকমা বলেন, ‘গ্রামগুলোর সমস্যার কথা শুনেছি। কিন্তু উন্নয়ন করব কীভাবে? পঞ্চদশ সংশোধনী অনুযায়ী তো আমাদের আদিবাসীদের কোনো অধিকারই নেই। তবুও সাধ্যমতো একে একে পশ্চা ৎ পদ গ্রামগুলোর উন্নয়নে দ্রুত পদক্ষেপ নেওয়া হবে।’