প্রকৃতির মাঝে আনন্দ-উচ্ছ্বাস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সিলেটের গোয়াইনঘাট উপজেলার জল-পাথরের শয্যাখ্যাত বিছনাকান্দি। প্রকৃতির এই অপরূপ সৌন্দর্য উপভোগ করার জন্য ঈদুল আজহার ছুটিতে অনেক পর্যটক ছুটে এসেছেন এখানে। পরিবার-পরিজন নিয়ে আনন্দে মেতেছেন অনেকে। গত রোববার তোলা ছবি l প্রথম আলো
সিলেটের গোয়াইনঘাট উপজেলার জল-পাথরের শয্যাখ্যাত বিছনাকান্দি। প্রকৃতির এই অপরূপ সৌন্দর্য উপভোগ করার জন্য ঈদুল আজহার ছুটিতে অনেক পর্যটক ছুটে এসেছেন এখানে। পরিবার-পরিজন নিয়ে আনন্দে মেতেছেন অনেকে। গত রোববার তোলা ছবি l প্রথম আলো

ঈদুল আজহার ছুটিতে অনেকেই পরিবার-পরিজন, বন্ধুবান্ধবসহ প্রাকৃতিক সৌন্দর্যমণ্ডিত সিলেট, মৌলভীবাজার এবং মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার বিভিন্ন দর্শনীয় স্থানে ঘুরে বেড়াচ্ছেন। অবশ্য পাহাড়ধসসহ বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগে এবার সিলেট অঞ্চলের রাস্তাঘাট খারাপ থাকায় পর্যটকদের দুর্ভোগে পড়তে হচ্ছে বলে জানা গেছে।

সিলেটের গোয়াইনঘাট উপজেলার জাফলংয়ের পার্শ্ববর্তী মায়াবী ঝরনা এবার অধিকাংশ পর্যটকের কাছে নতুন আকর্ষণ। গতকাল দুপুরে মায়াবী ঝরনা উপভোগ করতে সপরিবারে এসেছিলেন সিলেট শহরের নবাব রোড এলাকার বাসিন্দা মাহতাব উদ্দিন। তিনি বলেন, ‘সাম্প্রতিক সময়ে মায়াবী ঝরনার বিষয়টি প্রচার পেয়েছে। তাই এখানে আসার খুব ইচ্ছা ছিল। এখন পরিবারের সবাইকে নিয়ে নতুন আবিষ্কৃত এই পর্যটন স্পট দেখতে এসে খুবই ভালো লাগল।’

পর্যটকেরা মায়াবী ঝরনার সৌন্দর্য উপভোগের পাশাপাশি জাফলং, খাসিয়াপল্লি, তামাবিল পয়েন্ট ও শ্রীপুর পর্যটন স্পটও ঘুরছে।

নগরের জিন্দাবাজার এলাকার গোল্ডেন সিটি হোটেলের ব্যবস্থাপক মিষ্টু দত্ত বলেন, অন্যান্য বছরের চেয়ে এবার তুলনামূলকভাবে পর্যটকের উপস্থিতি কম। মূলত বৈরী আবহাওয়া, বন্যা এবং সিলেটের পর্যটনকেন্দ্রিক রাস্তাগুলো বিধ্বস্ত থাকায় পর্যটকেরা খুব একটা আসেনি।

সিলেটের জেলা প্রশাসক রাহাত আনোয়ার বলেন, যেহেতু জেলার গোয়াইনঘাট উপজেলায় মায়াবী ঝরনা, জাফলং, রাতারগুল ও বিছনাকান্দি ঘিরেই পর্যটকদের ভিড় বেশি হয়, তাই সেসব এলাকায় পর্যাপ্ত নিরাপত্তাব্যবস্থা নেওয়া হয়েছে। ফেঞ্চুগঞ্জের হাকালুকি হাওরেও একই ব্যবস্থা নেওয়া হয়েছে।

মৌলভীবাজারের বড়লেখা উপজেলার মাধবকুণ্ড ইকোপার্ক ও জলপ্রপাত এলাকায় পর্যটকেরা ভিড় করছে। তবে টানা বৃষ্টি ও পানিতে মাধবকুণ্ডে আসা-যাওয়ার রাস্তা তলিয়ে থাকায় পর্যটকদের ভোগান্তি বেড়েছে।

বন বিভাগ, ইজারাদার, পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত তিন-চার দিনে প্রায় আড়াই হাজার পর্যটক মাধবকুণ্ড এলাকায় এসেছে। তবে বৃষ্টিতে হাকালুকি হাওরের পানি বেড়ে কুলাউড়া-বড়লেখা আঞ্চলিক মহাসড়কের অন্তত ১০টি স্থান তলিয়ে গেছে। এতে যানবাহন চলাচল ব্যাহত হচ্ছে।

গত রোববার পর্যটক কামাল হোসেন চার বন্ধু নিয়ে মাধবকুণ্ডে বেড়াতে এসেছিলেন। তিনি জানান, বন্যার কারণে সড়ক ডুবে গেছে। ট্রাকে করে আসতে হয়েছে। এতে কষ্ট যেমন হয়েছে, ভাড়াও বেশি দিতে হয়েছে। এ ছাড়া বৃষ্টিপাতের কারণে জলপ্রপাতে পানি বেশি। তাই নিরাপত্তার কারণে পর্যটকদের এবার নিচে নামতে দেওয়া হয়নি।

ঈদের দিন বিকেল থেকেই লাউয়াছড়া জাতীয় উদ্যানে পর্যটকদের ভিড় বাড়তে থাকে। জাতীয় উদ্যানের ভেতরের রেলপথ, বিভিন্ন পাহাড়ি সরু পথ, পাহাড়ি ছড়া, লাউয়াছড়া ও মাগুরছড়ার খাসিয়াপুঞ্জি ছিল পর্যটক মুখরিত।

লাউয়াছড়া জাতীয় উদ্যান সহ-ব্যবস্থাপনা কমিটির সভাপতি এম মোসাদ্দেক আহমেদ বলেন, পর্যটকদের নিরাপত্তায় ট্যুরিস্ট পুলিশ, সহ-ব্যবস্থাপনা কমিটির সদস্য ও ইকো ট্যুর গাইড পুরোপুরি প্রস্তুত ছিল।

মাধবপুর চা-বাগানের ব্যবস্থাপক বিদ্যুৎ কুমার রায় বলেন, মাধবপুর লেকে পর্যটকদের জন্য নানা সুযোগ-সুবিধা বাড়ানো হয়েছে। এখানে ট্যুরিস্ট পুলিশ ছাড়াও চা-বাগানের কর্মচারীরা বাড়তি নজরদারি করেছেন।

বন্য প্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের সহকারী বন সংরক্ষক তবিবুর রহমান বলেন, বৃষ্টির কারণে লাউয়াছড়া জাতীয় উদ্যানে পর্যটকদের আগমন কম হওয়ার আশঙ্কা করা হলেও বাস্তবে অসংখ্য পর্যটক এসেছে। গত দুদিনে জাতীয় উদ্যানে প্রবেশ ফি বাবদ দেড় লাখ টাকার বেশি আয় হয়েছে বলে জানান তিনি।

(প্রতিবেদনটি তৈরিতে সহায়তা করেছেন আমাদের সিলেট, মৌলভীবাজার ও কমলগঞ্জ প্রতিনিধি)