
বরেণ্য বিজ্ঞানী জামাল নজরুল ইসলাম ফলমূল ও পাখির মধ্যে বিচিত্রতা খুঁজে পেতেন। প্রকৃতির সঙ্গে ছিল তাঁর অন্তরঙ্গতা। তাঁর মধ্যে নম্রতা ছিল, ছিল স্রষ্টার প্রতি ভক্তি। চট্টগ্রাম নগরের ডিসি হিল প্রাঙ্গণে গতকাল শুক্রবার বিকেলে জামাল নজরুল স্মরণিক কিশোর বিজ্ঞান সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা এসব কথা বলেন।
বিশ্ববরেণ্য গাণিতিক পদার্থবিদ অধ্যাপক জামাল নজরুল ইসলামের প্রথম মৃত্যুবার্ষিকীতে তাঁর স্মরণে ফুলকি চট্টগ্রাম তিন দিনব্যাপী এ সম্মেলনের আয়োজন করে। অনুষ্ঠানের সহযোগিতায় ছিল মেরিডিয়ান গ্রুপ ও প্রথম আলো। গত বছরের ১৬ মার্চ জামাল নজরুল প্রয়াত হন। তিনি দীর্ঘ ২৬ বছর ফুলকির সভাপতি ছিলেন।
কিশোর বিজ্ঞান সম্মেলনের উদ্বোধন করেন জামাল নজরুল ইসলামের স্ত্রী অধ্যাপক সুরাইয়া ইসলাম। প্রাণিবিজ্ঞানী অধ্যাপক শফিক হায়দার চৌধুরীর সভাপতিত্বে স্বাগত বক্তব্য দেন ফুলকির সম্পাদক ও কবি-সাংবাদিক আবুল মোমেন। বক্তব্য দেন ফুলকির অধ্যক্ষ শীলা মোমেন ও শুভেচ্ছা বক্তব্য দিয়েছেন মেরিডিয়ান গ্রুপের চেয়ারম্যান কোহিনুর কামাল। ফুলকির শিশু শিল্পীদের গাওয়া স্মরণসংগীতের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়।
আবুল মোমেন বলেন, ‘যুক্তিবাদী ও আলোকিত সমাজ গড়ার ক্ষেত্রে আমাদের শিশুরা পিছিয়ে আছে। বরেণ্য বিজ্ঞানী জামাল নজরুলকে অবলম্বন করে শিশু-কিশোরদের বিজ্ঞানের প্রতি আকৃষ্ট করতে এ সম্মেলনের আয়োজন করা হয়েছে।’
ফুলকির অধ্যক্ষ শীলা মোমেন বলেন, ‘আমরা তাঁর কাছ থেকে উপদেশ নিতাম। অনেক বড় বিদ্বান ছিলেন বলেই তিনি ছিলেন বিনয়ী। তিনি আমাদের সঙ্গে ছিলেন এবং এখনো আছেন।’
অধ্যাপক সুরাইয়া ইসলাম বলেন, ‘জামাল নজরুল ইসলাম ফলমূল, পাখির মধ্যে বিচিত্রতা খুঁজে পেতেন। প্রকৃতির সঙ্গে ছিল তাঁর অন্তরঙ্গতা। আমরা কেমব্রিজে থাকার সময়ে ছুটির দিনগুলোতে দুই মেয়েসহ বেড়ানোর সময় তিনি খেলার মধ্য দিয়ে প্রকৃতির রূপ তুলে ধরতেন। প্রকৃতির বিচিত্রতায় মুগ্ধ হতেন। স্রষ্টার প্রতি জানাতেন কৃতজ্ঞতা।’
সভাপতির বক্তব্যে শফিক হায়দার চৌধুরী বলেন, জামাল নজরুল ইসলাম প্রকৃতি দেখতেন, প্রকৃতিকে ভালোবাসতেন। তাঁর রেখে যাওয়া দ্বীপশিখা নতুন প্রজন্মের কাছে নিয়ে যেতে হবে।
অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে কথোপকথনের মাধ্যমে প্রকৃতি, বিজ্ঞান, আবিষ্কার, অর্থনীতি, সমাজ ও দেশের কথা তুলে ধরেন গণিত অলিম্পিয়াডের অন্যতম উদ্যোক্তা মুনীর হাসান।
সবশেষে রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা তোতাকাহিনী নাটকটি পরিবেশন করে ফুলকির সোনারতরীর সদস্যরা।