প্রকৃতির সঙ্গে মিতালি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চারদিকে শীতের পাখির কিচিরমিচির। হাজার হাজার পাখি ঝাঁকে ঝাঁকে উড়ছে আকাশজুড়ে। হাওরজুড়ে ভাসমান কচুরিপানা আর ডাল মেলা হিজলগাছগুলোকে ‘অস্থায়ী বসতি’ বানিয়ে পাখিরা কত সহজেই প্রকৃতির সঙ্গে মিতালি পেতেছে। সামান্য শব্দ হলেই সে কী রব! ফুড়ুত করে ঝাঁক বেঁধে শুরু হয় ওড়াউড়ি আর কিচিরমিচির। সুদূর সাইবেরিয়া থেকে উড়ে আসা এসব পাখির হল্লায় মুখরিত হাওরের পর হাওর। সিলেট নগরের আট কিলোমিটার দূরে দক্ষিণ সুরমা উপজেলার বৈরাগীরটুক হাওর, দোবাগীর হাওর ও পাইরের হাওরে গেলে এমন দৃশ্যই এখন চোখে পড়ে। চলতি বছর শীতের শুরুতে এসব হাওরে ঝাঁকে ঝাঁকে দেশি-বিদেশি পাখি এসেছে। এর পর থেকেই পাখিদের কলকাকলি আর ডানা ঝাপটানোর শব্দে হাওরপারের গ্রামগুলোতে এক অন্য আমেজ দেখা দেয়। হাওরপারের বাসিন্দারা জানান, হাজার দশেক পাখি এ তিনটি হাওরে রয়েছে। ধীরে ধীরে পাখির সংখ্যা বেড়েই চলেছে। সিলেট নগরের অনতিদূরে হওয়ায় শহরবাসীর অনেকে প্রায় প্রতিদিনই সকাল ও বিকেলে হাওরে আসা অতিথি পাখিদের দেখতে আসে। হাওরের স্বচ্ছ জলে পাখিদের খেলা, সাঁতার কাটা, ওড়াউড়ি দেখে নগরবাসী বিমুগ্ধ চিত্তে বাড়ি ফেরেন। বৈরাগীরটুক হাওরে মাছ শিকার করতে এসেছেন আবদুল কাদির (২৭)। তিনি বলেন, ‘ই-বার ই-খানও পয়লাবার পাখি আইছে। খুব বেশি পাখি আইছে। পানি যত দিন আছে, পাখি তত দিন থাকব। শীত চইলা গেলে পাখিও ফুড়ুত কইরা চইলা যাইব।’ সপ্তম শ্রেণীর স্কুলশিক্ষার্থী শিপন আহমদ জানায়, প্রতিদিন সকালবেলা সে বৈরাগীরটুক হাওরের পাশ দিয়ে বিদ্যালয়ে যায়। এ সময়টাতে প্রচুর পাখির কিচিরমিচির শব্দ তাকে মুগ্ধ করে। আবার বিকেলবেলা বাড়ি ফেরার পথে একই রকম দৃশ্য দেখে দেখে বাড়ি ফেরে। পাইরচক এলাকার কৃষক রমিজ উদ্দিন (৩০) বলেন, পাখিগুলো পানির সঙ্গে অনেকটা মিশে থাকে। ফেনার (কচুরিপানা) ওপর বসে রোদ পোহায়। এ হাওরের পাশ ঘেঁষেই রেললাইন গেছে। যখন ট্রেন হুইসেল বাজিয়ে যায়, তখন পাখিগুলো ওড়াউড়ি শুরু করে।একাধিক গ্রামবাসী জানান, সম্প্রতি শহরের কিছু মানুষ বন্দুক নিয়ে পাখি শিকার করতে আসে। গ্রামবাসীর বাধা উপেক্ষা করে তাঁরা পাখি শিকার করতে পারেন না। তবে রাতের আঁধারে বিষ ফেলে কেউ কেউ পাখি শিকার করলেও স্থানীয় প্রশাসন তা বন্ধে কার্যকর কোনো উদ্যোগ নিচ্ছে না। সরেজমিনে গিয়ে দেখা গেছে, হাওরে নানা প্রজাতির দেশি-বিদেশি পাখি রয়েছে। এর মধ্যে সরালি, পানকৌড়ি, সাদা বক ও নানা প্রজাতির হাঁস উল্লেখযোগ্য। সিলেট মহানগর পুলিশের কমিশনার অমূল্যভূষণ বড়ুয়া বলেন, ‘পাখি শিকারের বিষয়টি আমাদের জানা নেই। পাখিদের নিরাপদ আশ্রয়স্থল নিশ্চিত করতে সংশ্লিষ্ট থানাকে নির্দেশ দেওয়া হবে।’ সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের এগ্রোনমি অ্যান্ড হাওর এগ্রিকালচার বিভাগের প্রধান ডক্টর মোহামঞ্চদ নূর হোসাইন মিঞা প্রথম আলোকে বলেন, হাওরগুলোতে পাখির উপস্থিতি সমৃদ্ধ জীববৈচিত্র্য ও সম্ভাবনাময় প্রাকৃতিক পরিবেশকেই জানান দেয়। তবে এটি ধরে রাখার জন্য পরিবেশ অধিদপ্তর, বন বিভাগ থেকে শুরু করে স্থানীয় প্রশাসনের সংশ্লিষ্ট ব্যক্তিদের সুদৃষ্টি রাখতে হবে। কোনোভাবেই এসব পাখিকে উৎপাত করা যাবে না। পাখিগুলো যদি একবার অনুভব করতে পারে—এ স্থান তাদের জন্য মোটেই নিরাপদ নয়, তাহলে এদের উপস্থিতি দিন দিন হ্রাস পাবে।