প্রকৃতির সঙ্গে 'মদিনা ভাই'য়ের সুর, জাদু

অপরূপ প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর লাউয়াছড়া জাতীয় উদ্যান। প্রতিদিন দেশ-বিদেশের পর্যটকসহ স্থানীয় লোকজনের সমাগম ঘটে এখানে। সবুজ প্রকৃতি দেখে মুগ্ধ পর্যটকদের জন্য সেখানে বাড়তি পাওনা হচ্ছে ‘মদিনা ভাই’য়ের বাঁশির সুর।
শুধু বাঁশির সুর বললে ভুল হবে, বাঁশি বাজানোর পাশাপাশি কখনো হাতে তালি দিয়ে গান, আবার কখনো জাদু দেখিয়ে অবাক করে দেন তিনি। পেশায় তিনি আইসক্রিম বিক্রেতা। শখ থেকে বাঁশি বাজানো এখন তাঁর নেশা। কোমরে সব সময় তিনটি বাঁশি থাকে। ঘুমানোর সময়েও বাঁশি থাকে বালিশের নিচে। পরিচিতজন ও পর্যটকেরা আবদার করলে আনন্দের সঙ্গে হাতে তুলে নেন বাঁশি। মাঝেমধ্যে গানও করেন। তিন সন্তানের জনক মদিনা ভাই ভাটিয়ালি, পল্লিগীতি, ভাওয়াইয়া ও মুর্শিদি গান ভালোবাসেন। এই গানগুলোরই সুর তোলেন বাঁশিতে।
আলাপের সময় এ প্রতিবেদককে জানালেন, তাঁর পুরো নাম মো. মদিনা। বয়স ৫০। লোকজন মদিনা ভাই ডাকতে ডাকতে এখন ‘মদিনা ভাই’ নামেই তাঁকে সবাই চেনে। জানালেন, তাঁর বাড়ি ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে। ১৫ বছর বয়সে তিনি চলে আসেন মৌলভীবাজারের ভানুগাছ উপজেলার বাঘমারা গ্রামে। দীর্ঘ ৩৫ বছর ধরে তিনি এই উপজেলায় বসবাস করছেন। ভ্যান, রিকশা চালিয়ে কিংবা দিনমজুরের কাজ করে জীবিকা নির্বাহ করতেন একসময়। বয়স হয়ে যাওয়ায় আইসক্রিম বিক্রিকেই এখন পেশা হিসেবে নিয়েছেন। এক হাতে বাঁশি আর অন্য হাতে আইসক্রিমের বাক্স নিয়ে ঘোরেন। বাঁশি বাজিয়ে পর্যটকদের আকৃষ্ট করেন। তাঁদের অনেকে মুগ্ধ হয়ে একপর্যায়ে আইসক্রিম কিনে নেন। এর সঙ্গে তিনি যুক্ত করেছেন জাদু প্রদর্শন।
ঢাকা থেকে আগত পর্যটক ফাতেমা মালেক বলেন, চারপাশে সবুজ গাছ, পাখির কলকাকলি আর মদিনা ভাইয়ের বাঁশির সুর এক অনন্য পরিবেশ তৈরি হয়েছে এখানে। বিষয়টি মুগ্ধ করার মতো। বেড়াতে আসাটাই অনেক বেশি উপভোগ্য হয়েছে বাঁশির সুরে।
শ্রীমঙ্গল ট্যুর গাইড অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক তাপস দাশ জানান, লাউয়াছড়ায় দেশি-বিদেশি পর্যটকেরা প্রায়ই ভিড় করে মদিনা ভাইয়ের বাঁশির সুর ও গান শোনেন। লাউয়াছড়ায় পর্যটকদের বাড়তি আনন্দ দেন তিনি।
ট্যুরিস্ট পুলিশ শ্রীমঙ্গল জোনের সহকারী উপপরিদর্শক (এএসআই) নোয়াব আলী বলেন, ‘এখানে দায়িত্ব পালনের সময় প্রায়ই তাঁকে দেখি। তিনি নিজের মতো করে বাঁশি বাজান। মানুষ খুশি হয়ে কিছু দিলে নেন। কারও কাছে জোর করে কোনো টাকা আদায় করতে দেখিনি। পর্যটকদের বিরক্তও করেন না।’
মদিনা ভাই জানান, বড় ভাই আবদুর রহিমের কাছ থেকে বাঁশি বাজানো শিখেছেন। ভানুগাছ বাজারে জাদু প্রদর্শনকারীদের কাছ থেকে জাদুগুলো শিখেছেন। গান গেয়ে ও বাঁশি বাজিয়ে মানুষকে আনন্দ দিয়ে নিজেরও খুব আনন্দ হয়। সংসারে অনেক টানাপোড়েন, রোজগারও কম। তবে রোজগার কম হলে যে আনন্দ থাকবে না, এমন কোনো কথা তো নেই।
কোনো একদিন বড় কোনো মঞ্চে উঠে বাঁশি বাজাবেন এমন আকাঙ্ক্ষা তাঁর।