প্রকৃতির সব সৌন্দর্য যেন রামসাগর দিঘিতে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চারদিকে সবুজের সমারোহের মাঝে সুবিশাল দিঘি। দিনাজপুরের ঐতিহাসিক ওই রামসাগর দিঘি থেকে গত শুক্রবার তোলা l ছবি: প্রথম আলো
চারদিকে সবুজের সমারোহের মাঝে সুবিশাল দিঘি। দিনাজপুরের ঐতিহাসিক ওই রামসাগর দিঘি থেকে গত শুক্রবার তোলা l ছবি: প্রথম আলো

চারদিকে সবুজের সমারোহ। মাঝখানে সুবিশাল দিঘির জল। দুপুরের মিষ্টি রোদের ঝিলিক পড়তেই দিঘির পানি চিক চিক করে ওঠে। এর সঙ্গে সব সময় চলতে থাকা মৃদু বাতাস মনকে আন্দোলিত করে। দেখে মনে হয়, প্রকৃতির সব সৌন্দর্য যেন এই দিঘিকে ঘিরেই। আর এটি হলো দিনাজপুরের ঐতিহাসিক রামসাগর দিঘি।

দিনাজপুর শহর থেকে আট কিলোমিটার দূরে তাজপুরে এই দিঘির অবস্থান। এলাকার কয়েকজন বাসিন্দার সঙ্গে কথা বলে জানা যায়, দিনাজপুরের তৎকালীন রাজা রামনাথ পলাশীর যুদ্ধের আগে এই দিঘি খনন করেন। দিঘি খনন করতে সেই সময় ১৫ লাখ শ্রমিক কাজ করেন। খরচ হয় ৩০ হাজার টাকা। এই দিঘি নিয়ে অনেক অলৌকিক কাহিনি শোনা যায়। প্রায় প্রতিদিন দর্শনার্থীদের আনাগোনায় মুখর থাকে এই দিঘি। তবে অন্য দিনের তুলনায় শুক্রবারে দর্শনার্থী থাকে বেশি।

দিনাজপুর রামসাগর টিকিট কাউন্টারের কয়েকজন টিকিট বিক্রেতা বলেন,প্রায় প্রতিদিন গড়ে দেড় শ দর্শনার্থী এখানে আসেন। কিন্তু বিশেষ দিনগুলোতে বিশেষ করে দুই ঈদে দর্শনার্থীর ভিড় থাকে চোখে পড়ার মতো। সকাল থেকে সন্ধ্যার আগ পর্যন্ত মানুষের সমাগম হয়।

গত শুক্রবার সরেজমিনে দেখা যায়, দর্শনার্থীদের ভিড়ে মুখর রামসাগর। কেউ কেউ পরিবার নিয়ে, কেউবা বন্ধুদের সঙ্গে, আবার কেউ অনেক দূর থেকে পিকনিক করতে এসেছেন। এ সময় কথা হয়, দিনাজপুর শহরের সুইহারি চৌরঙ্গী মোড় নিবাসী রাজু ইসলামের সঙ্গে। তিনি ছেলে-মেয়ে ও স্ত্রীকে নিয়ে ঘুরতে এসেছেন। এর আগে অনেকবার রামসাগর এসেছেন। সময়-সুযোগ পেলে তিনি পরিবার নিয়ে ঘুরতে আসেন।

বীরগঞ্জ উপজেলা থেকে এখানে পিকনিকে আসা সোহেল বলেন, এই প্রথম তিনি এখানে এসেছেন। অনেক সুন্দর ও মনোরম পরিবেশ। এখানে তিনি চিড়িয়াখানায় হরিণ, বানর, বিভিন্ন প্রজাতির পাখি ও অজগর সাপ দেখেছেন। দিঘিতে শ্যালোচালিত নৌকায় ভ্রমণ করেছেন। এত সুন্দর জায়গায় আসতে পেরে তিনি আনন্দিত।

রামসাগর জাতীয় উদ্যানের টিকিট কাউন্টারের দায়িত্বরত কাউন্টার ব্যবস্থাপক মো. জালাল হোসেন গত রোববার বেলা ১১টার দিকে মুঠোফোনে প্রথম আলোকে বলেন, আগের বছরের তুলনায় এই বছর দর্শনার্থীর সমাগম কম। এ ছাড়া বেহাল রামসাগরের প্রাচীর। বন বিভাগের উদাসীনতায় জঙ্গল বেশি হওয়ায় ভুতুড়ে পরিবেশ সৃষ্টি হয়েছে। শিশুদের খেলার তেমন কোনো ব্যবস্থা নেই। রামসাগরের ভেতর দিয়ে রাস্তা থাকায়ও সমস্যা হচ্ছে। সবকিছু সঠিকভাবে দেখভাল করলে এখানে দিন দিন দর্শনার্থীর সংখ্যা বৃদ্ধি পাবে।