প্রকৌশলীকে লাঞ্ছিত করলেন সাংসদের ভাই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলা স্থানীয় সরকার ও প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলীকে এক ঠিকাদার শারীরিকভাবে লাঞ্ছিত করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। গতকাল মঙ্গলবার দুপুর ১২টার দিকে এ ঘটনা ঘটে।

অভিযুক্ত ঠিকাদারের নাম চৌধুরী মাহমুদ কবীর ওরফে লাবু চৌধুরী। তিনি সংরক্ষিত আসনের সাংসদ ও রাজবাড়ী মহিলা আওয়ামী লীগের সভানেত্রী কামরুন নাহার চৌধুরী লাভলীর ছোট ভাই।

সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে কথা বলে জানা যায়, চৌধুরী মাহমুদ কবীর তাঁর এক সহকর্মীর লাইসেন্সে জামালপুর ইউনিয়নের সালতাখালী খালে জলকপাট (স্লুইচগেট) নির্মাণের কাজ করেন। মূল কাজ শেষ হলেও কাজের কিছু অংশ অসম্পন্ন রয়ে যায়। ঠিকাদার মাহমুদ কবীর দুপুর ১২টার দিকে জহুরুল নামে এক বন্ধুর সঙ্গে প্রকৌশলীর কার্যালয়ে বিল তুলতে যান। কিন্তু প্রকৌশলী কাজের ত্রুটিযুক্ত অংশ সম্পন্ন না হওয়া পর্যন্ত বিল দিতে অস্বীকৃতি জানান। এ নিয়ে উভয় পক্ষের মধ্যে বাগ্‌বিতণ্ডা হয়। একপর্যায়ে প্রকৌশলীকে শারীরিকভাবে লাঞ্ছিত করেন ওই ঠিকাদার।

চৌধুরী মাহমুদ কবীর জানান, ‘প্রকৌশলীর সঙ্গে আমার ব্যক্তিগত সম্পর্ক রয়েছে। আমার নামে কোনো কাজ ওই দপ্তরে নেই। আমার এক বন্ধুর সঙ্গে তাঁর কার্যালয়ে হাসাহাসি করায় মানুষ ভেবেছে গন্ডগোল হচ্ছে।’

লাঞ্ছিত হওয়ার কথা স্বীকার করে প্রকৌশলী শাহ মোহাম্মদ ওয়াদুদ বলেন, ত্রুটিযুক্ত কাজ সম্পন্ন না করায় বিল দেওয়া হয়নি। এ নিয়ে ওই ঠিকাদারের সঙ্গে ঝামেলা হয়েছে।

সংরক্ষিত আসনের সাংসদ কামরুন নাহার চৌধুরী জানান, প্রকৌশলীকে কেন লাঞ্ছিত করা হয়েছে, সেটিও ভেবে দেখতে হবে।