
বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) ছাত্ররা এখন শুধু দেশে নয়, সারা পৃথিবীতেই উল্লেখযোগ্য অবদান রাখছে বলে মন্তব্য করেছেন ইমেরিটাস অধ্যাপক আনিসুজ্জামান। তিনি বলেন, বুয়েটের ছাত্রদের এই খ্যাতির পেছনে প্রথম উপাচার্য এম এ রশীদের ভূমিকা উল্লেখযোগ্য।
গতকাল শুক্রবার বুয়েট মিলনায়তনে আয়োজিত এম এ রশীদ স্মারক বক্তৃতায় প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করতে গিয়ে অধ্যাপক আনিসুজ্জামান এসব কথা বলেন। অনুষ্ঠানে তিনি ‘সাধারণ নাগরিক হিসেবে প্রকৌশলীদের কাছে প্রত্যাশা’ শীর্ষক বক্তব্যও তুলে ধরেন।
এম এ রশীদের জন্ম ১৯১৯ সালের ১৬ জানুয়ারি। ১৯৪৮ সালে তিনি প্রকৌশল কলেজে সহকারী অধ্যাপক পদে যোগ দেন। ১৯৫৪ থেকে ১৯৬০ পর্যন্ত তিনি আহসানউল্লাহ ইঞ্জিনিয়ারিং কলেজের অধ্যক্ষ ছিলেন। তিনিই এই কলেজের প্রথম বাঙালি অধ্যক্ষ। ১৯৬২ সালে কলেজটি পূর্ব পাকিস্তান প্রকৌশল বিশ্ববিদ্যালয় হলে তিনি এর উপাচার্য হন। ১৯৭০ পর্যন্ত তিনি উপাচার্য ছিলেন। সড়ক দুর্ঘটনায় আহত হয়ে ১৯৮১ সালের ৬ নভেম্বর তিনি মারা যান।
স্মারক বক্তৃতায় এম এ রশীদের স্মৃতিচারণা করতে গিয়ে আনিসুজ্জামান বলেন, ‘বুয়েটের ছাত্রদের মুখে তাঁর কথা অনেকবার শুনেছি। তবে ১৯৭৮ সালে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ভূমিধসের ঘটনা ঘটলে এম এ রশীদ সেখানে আসেন। তখন তাঁকে কাছ থেকে দেখার সুযোগ হয়। বুয়েটের জন্য তাঁর অবদান উল্লেখযোগ্য।’
আনিসুজ্জামান তাঁর বক্তব্যে বলেন, প্রত্যেক উদ্ভাবনের ভালো ও মন্দ দুটোই আছে। সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে প্রকৌশলীদের দুটো দিকই বিবেচনা করতে হবে। আবার নীতির কথা এলে দুর্নীতির কথাও আসে। বাংলাদেশে দুর্নীতি ব্যাপক। মানুষ অভাবে পড়ে দুর্নীতি করে আবার লোভে পড়েও করে। এ ক্ষেত্রে প্রকৌশলীদের দুর্নাম আছে। তবে বাংলাদেশের উন্নয়নে প্রকৌশলীরা যে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন সেটি এ দেশের রাস্তাঘাট, সেতু, ভবন দেখলেই বোঝা যায়। তবে রাষ্ট্রের পরিকল্পনা উন্নয়নে বুয়েটের প্রকৌশলীদের আরও অন্তর্ভুক্ত করা উচিত।
বুয়েটের সাবেক উপাচার্য ও ইমেরিটাস অধ্যাপক ইকবাল মাহমুদ বলেন, ‘আমি চার বছর রশীদ স্যারকে শিক্ষক হিসেবে পেয়েছিলাম। আবার ছয় বছর শিক্ষক হিসেবে তাঁর সহকর্মী ছিলাম। তিনি তখন উপাচার্য। সব সময় দেখেছি তিনি সবার পরামর্শ শুনতেন। তিনিই বুয়েটের শিক্ষার পরিবেশের ভিতটা গড়ে দিয়েছিলেন।’