ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিকের উপাচার্য অধ্যাপক জামিলুর রেজা চৌধুরী বলেছেন, দেশের সবচেয়ে মেধাবী শিক্ষার্থীরা প্রকৌশল পেশায় আসেন। কিন্তু তাঁদের মধ্য থেকে নেতা গড়ে উঠছে না। প্রকৌশলীদের মধ্যে নেতা হওয়ার সব গুণই আছে। তাঁদের নিয়মিত নেতৃত্ব চর্চা করতে হবে।
রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে গতকাল শুক্রবার ‘ইয়ং ইঞ্জিনিয়ার্স সামিট’ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। দ্য ইনস্টিটিউশন অব ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশের (আইইবি) ৬৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মাসব্যাপী কর্মসূচি হাতে নিয়েছে প্রতিষ্ঠানটি। তারই অংশ হিসেবে গতকালের অনুষ্ঠানটির আয়োজন করা হয়।
অনুষ্ঠানে কীভাবে নেতা হতে হবে তার ওপর বক্তব্য উপস্থাপন করেন জামিলুর রেজা চৌধুরী। তিনি বলেন, ‘পুঁথিগত বিদ্যা দিয়ে কর্মক্ষেত্রে প্রথম দিকে হয়তো কিছু দূর এগোনো যায়। কিন্তু নেতা হতে হলে সৃজনশীলতা ও উদ্ভাবনী ক্ষমতা থাকা দরকার হয়।’
তিনি বলেন, একজন নেতা নিজের ক্ষেত্র সম্পর্কে জ্ঞান রাখবেন ও সেগুলো হালনাগাদ থাকবে। যোগাযোগের ক্ষমতার পাশাপাশি তিনি হবেন একজন ভালো শ্রোতা। সমাজ, পরিবেশ ও বৈশ্বিক বিষয়ে তিনি সচেতন থাকবেন।
তরুণ প্রকৌশল নেতৃত্বের চর্চা বিষয়ে বক্তৃতা দেন ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক আইনুন নিশাত। তিনি বলেন, ‘প্রকৌশল নেতা হতে হলে পেছনে পারিবারিক শক্তি থাকার প্রয়োজন হয় না। প্রকৌশল ক্ষেত্রে বিশ্ববিদ্যালয় থেকে পাস করেই নেতা হওয়া যায় না।’
প্রধান অতিথির বক্তব্যে প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন একজন প্রকৌশলী ও রাজনৈতিক ব্যক্তিত্ব হিসেবে নিজের জীবনের অভিজ্ঞতা তুলে ধরেন। তিনি বলেন, ‘প্রকৌশলীদের নেতৃত্ব জন্মগতভাবে হয় না। তাঁদের নেতৃত্ব অর্জন করে নিতে হয়।’
আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, তরুণ প্রকৌশলীদের একত্র করা, তাঁদের মধ্যে নেতৃত্বগুণ গড়ে তোলা, জ্যেষ্ঠ প্রকৌশলীদের সান্নিধ্যে আনার জন্য এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। গতকালের ইয়ং ইঞ্জিনিয়ার্স সামিটে প্রায় এক হাজার তরুণ প্রকৌশলী অংশ নেন। এতে সভাপতিত্ব করেন আইইবির সভাপতি অধ্যাপক শামীম জেড বসুনিয়া।