চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন অনুষ্ঠানে রাষ্ট্রপতি
প্রকৌশলীদের হতে হবে দূরদর্শী ও সৃজনশীল
রাষ্ট্রপতি আবদুল হামিদ বলেছেন, দেশের উন্নয়ন পরিকল্পনা প্রণয়নে প্রকৌশলীদের অবশ্যই দূরদর্শী ও সৃজনশীল হতে হবে। গতকাল সোমবার চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের তৃতীয় সমাবর্তন অনুষ্ঠানে রাষ্ট্রপতি এ কথা বলেন।
রাষ্ট্রপতি বলেন, ২১০০ সালে বাংলাদেশ কোন পর্যায়ে পৌঁছাবে, ভবিষ্যৎ উন্নয়ন পরিকল্পনা প্রণয়নের ক্ষেত্রে তা বিবেচনায় আনতে হবে। সম্পদের যথাযথ ব্যবহার নিশ্চিত করার প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করে আবদুল হামিদ বলেন, ‘বাংলাদেশ ব্যাপক সম্ভাবনাময় একটি দেশ। এর মাটি উর্বর। রয়েছে বিপুল মানবসম্পদ। জনবহুল এই দেশটির উন্নয়নের জন্য আমাদের এই সম্পদের পরিকল্পিত ব্যবহার নিশ্চিত করতে হবে।’
বিশ্ববিদ্যালয়ের আচার্য রাষ্ট্রপতি আবদুল হামিদ নতুন গ্র্যাজুয়েটদের অভিনন্দন জানান। তিনি দেশ ও জনগণের প্রতি তাঁদের দায়িত্ব স্মরণ করিয়ে দেন এবং দেশের কল্যাণে নিষ্ঠা, সততা ও আন্তরিকতার সঙ্গে কাজ করার আহ্বান জানান। গবেষণাকাজে গুরুত্ব আরোপ করেন এবং সময় উপযোগী পাঠ্যসূচি প্রণয়ন করতে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান।
সমাবর্তন অনুষ্ঠানে ৬০৩ জন শিক্ষার্থী ডিগ্রি লাভ করেন। তিনজনকে পিএইচডি ডিগ্রি এবং ফলাফলের ক্ষেত্রে অসামান্য সাফল্য পাওয়ায় তিনজনকে গোল্ড মেডেল দেওয়া হয়।
সমাবর্তন বক্তব্য দেন অধ্যাপক জামিলুর রেজা চৌধুরী। শুভেচ্ছা বক্তব্য দেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান আবদুল মান্নান, চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মো. জাহাঙ্গীর আলম এবং সহ-উপাচার্য মোহাম্মদ রফিকুল আলম।