প্রকৌশলীর অস্বাভাবিক মৃত্যু
তেজগাঁওয়ের মণিপুরিপাড়ায় গতকাল বৃহস্পতিবার দেবজিৎ রায় (২৮) নামের এক প্রকৌশলীর অস্বাভাবিক মৃত্যু হয়েছে। গতকাল সন্ধ্যায় ওই বাসা থেকে সংজ্ঞাহীন অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
পুলিশ জানায়, দেবজিৎ রায় সপরিবারে মণিপুরিপাড়ায় থাকতেন। গতকাল দুপুরে খাওয়ার পর তিনি দরজা লাগিয়ে দেন। জেগে না ওঠায় সন্ধ্যায় মা–বাবা দেবজিৎকে ডাকাডাকি করে তাঁর কোনো শব্দ পাননি। পরে স্বজনেরা ঘটনাটি তেজগাঁও থানায় জানান। পুলিশ এসে দরজা ভেঙে সিলিং ফ্যানে ঝুলন্ত দেবজিৎকে নামায়। সন্ধ্যা সাড়ে সাতটার দিকে তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আনা হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
হাসপাতালে দেবজিতের মামাতো ভাই হিমেল কর্মকার বলেন, দেবজিৎ বনানীর একটি আইটি প্রতিষ্ঠানের প্রকৌশলী। তিনি অবিবাহিত ছিলেন। এক তরুণীর সঙ্গে তাঁর প্রেম ছিল। প্রেমিকার অন্যত্র বিয়ে হওয়ায় তিনি দুই মাস ধরে কর্মস্থলে যেতেন না। বিষণ্নতায় ভুগছিলেন। দেবজিতের বাবার নাম সত্যেন কুমার রায়। গ্রামের বাড়ি নেত্রকোনা সদর উপজেলার ছাটবাজারে।
তেজগাঁও থানার ওসি মো. মাজহারুল ইসলাম বলেন, দেবজিৎ আত্মহত্যা করেছেন। তেজগাঁও থানায় অপমৃত্যুর মামলা হয়েছে।