চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে বিজ্ঞান অনুষদের দুটি বিভাগ নিয়ে নতুন আরেকটি অনুষদ চালুর সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ। নতুন এই অনুষদের নাম দেওয়া হয়েছে ‘প্রকৌশল ও প্রযুক্তি অনুষদ’। গতকাল রোববার একাডেমিক কাউন্সিলের ২২৩ সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। বিভাগ দুটি হলো—কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল (সিএসই) এবং ফলিত পদার্থ, ইলেকট্রনিকস ও কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং বিভাগ।এ প্রসঙ্গে ফলিত পদার্থ, ইলেকট্রনিকস ও কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং বিভাগের সভাপতি শংকর লাল সাহা প্রথম আলোকে বলেন, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ দুটি বিভাগ নিয়ে প্রকৌশল অনুষদ চালুর সিদ্ধান্ত নিয়েছে। প্রশাসনের এ উদ্যোগের ফলে শিক্ষার্থীরা উপকৃত হবেন।বিশ্ববিদ্যালয় সূত্র জানায়, একাডেমিক কাউন্সিলের এ সিদ্ধান্ত বিশ্ববিদ্যালয়ের পরবর্তী সিন্ডিকেট সভায় উত্থাপন করা হবে। সেখানে এ সিদ্ধান্ত পাস হলে তা চূড়ান্ত অনুমোদনের জন্য বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনে (ইউজিসি) পাঠানো হবে।