প্রকৌশল খাতের ব্যবস্থাপনা প্রকৌশলীদের কাছে থাকা উচিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নির্মাণকাজে নিরাপত্তার জন্য অর্থ বরাদ্দ থাকে। প্রকল্প চূড়ান্ত করার সময় ব্যয় কমাতে গিয়ে অ-কারিগরি (নন-টেকনিক্যাল) কর্মকর্তারা তা কাটছাঁট করেন। এ কারণে দুর্ঘটনা ঘটে। নির্মাণকাজের ভুল-ত্রুটি এড়াতে প্রকৌশল খাতের ব্যবস্থাপনা প্রকৌশলীদের হাতেই থাকা উচিত।
ইঞ্জিনিয়ার্স ডে উপলক্ষে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন, বাংলাদেশ (আইইবি) চট্টগ্রাম কেন্দ্র আয়োজিত সংবাদ সম্মেলনে বক্তারা এসব কথা বলেন।
গতকাল শনিবার দুপুরে নগরের এসএস খালেদ রোডে অবস্থিত আইইবির চট্টগ্রাম কেন্দ্রের সেমিনার কক্ষে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এতে লিখিত বক্তব্য পাঠ করেন সংগঠনের চেয়ারম্যান সাদেক মোহাম্মদ চৌধুরী। বক্তব্য দেন কেন্দ্রের সম্মানী সম্পাদক প্রবীর কুমার সেন।
লিখিত বক্তব্যে সাদেক মোহাম্মদ চৌধুরী বলেন, দেশের বর্তমান সমস্যাগুলোর বেশির ভাগই প্রযুক্তিনির্ভর। যেমন: বিদ্যুৎ, গ্যাস ও পানি সরবরাহ, জলাবদ্ধতা সমস্যা, কারখানার নিরাপত্তা এবং ভবন ধস ও দুর্যোগ-পরবর্তী ব্যবস্থাপনা ইত্যাদি। তাই প্রকৌশল খাতের ব্যবস্থাপনা আরও গতিশীল করার জন্য এর দায়িত্ব প্রকৌশলীদের হাতে থাকা একান্তভাবে জরুরি।
সংবাদ সম্মেলনে আইইবি চট্টগ্রাম কেন্দ্রের বর্তমান ও সাবেক নেতারা বলেন, প্রকৌশলকাজে প্রকৌশলীরা নেতৃত্বে থাকলে ভালো হয়। যেমন নগরের উন্নয়নে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ (সিডিএ) অনেক উন্নয়নকাজ করছে। এসব কাজ প্রকৌশলগত হওয়ায় এই সংস্থার প্রধান পেশাজীবী হওয়াই কাম্য।
বহদ্দারহাট উড়ালসড়কসহ বিভিন্ন নির্মাণকাজে দুর্ঘটনায় প্রাণহানির বিষয়ে আইইবি চট্টগ্রাম কেন্দ্রের সাবেক চেয়ারম্যান মোহাম্মদ হারুন সিডিএর নাম উল্লেখ না করে সংবাদ সম্মেলনে বলেন, একটি প্রতিষ্ঠানের ব্যবস্থাপনায় বেশি দুর্বলতা দেখা যাচ্ছে। প্রতিষ্ঠানটির শীর্ষ পর্যায়ে প্রকৌশলী না থাকায় কিছু সমস্যা হচ্ছে।
চট্টগ্রাম নগরের উন্নয়নে আইইবির ভূমিকা কী, জানতে চাইলে সংবাদ সম্মেলনে সংগঠনের ভাইস চেয়ারম্যান মো. আবদুর রশীদ বলেন, নগরের বিভিন্ন উন্নয়ন প্রকল্পের বিষয়ে সেমিনার-সিম্পোজিয়ামের মাধ্যমে আইইবির পরামর্শ তুলে ধরা হয়।
ইঞ্জিনিয়ার্স ডে উপলক্ষে দুই দিনব্যাপী অনুষ্ঠানের প্রথম দিন গতকাল বিকেলে দুর্যোগ ব্যবস্থাপনা ও টেকসই উন্নয়ন নিয়ে সেমিনার এবং সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠান হয়। আজ রোববার সন্ধ্যায় কেন্দ্রের সাবেক নির্বাহীদের সংবর্ধনা এবং কৃতিত্বপূর্ণ অবদান রাখায় আইইবির চট্টগ্রাম কেন্দ্রের জ্যেষ্ঠ প্রকৌশলীদের সম্মাননা প্রদান এবং মেজবান অনুষ্ঠিত হবে।