প্রকৌশল-প্রযুক্তিগত দক্ষতা বিনিময়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গবেষক, প্রকৌশলী ও শিক্ষাবিদদের পদচারণে মুখর হয়ে উঠেছে সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। ‘কনফারেন্স অন ইঞ্জিনিয়ারিং, রিসার্চ, ইনোভেশন অ্যান্ড এডুকেশন’ শিরোনামে তিন দিনব্যাপী আন্তর্জাতিক সম্মেলনকে ঘিরে ছিল এ মুখরতা। গতকাল বুধবার সম্মেলনের দ্বিতীয় দিনে দেশ-বিদেশের দেড় শতাধিক গবেষক নিজেদের প্রবন্ধ উপস্থাপন করেন। তাঁরা একে অপরের সঙ্গে প্রকৌশল ও প্রযুক্তিগত দক্ষতা এবং অভিজ্ঞতা বিনিময়ের পাশাপাশি প্রশ্নোত্তরের মাধ্যমে সুস্পষ্ট ধারণা নেন।সকাল নয়টা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত ১৪টি সেশনে ভাগ হয়ে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ভবনে শুরু হয় দ্বিতীয় দিনের কারিগরি অধিবেশন। এসব পর্বে আমন্ত্রিত গবেষকেরা প্রকৌশল, গবেষণা ও প্রযুক্তি-সম্পর্কিত বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেছেন। বুয়েটের প্রভাষক ইমরান মমতাজ বলেন, ‘সম্মেলনে অন্যের কাজ দেখলে নিজের কাজ সম্পর্কে ভালো ফিডব্যাক পাওয়া যায়। নতুন কাজ করার রসদও পাওয়া যায়।’ আয়োজক কমিটির অন্যতম সদস্য রুহুল আমিন বলেন, ‘এ ধরনের সম্মেলন আয়োজন করলে বিশ্ববিদ্যালয়গুলো গবেষণাকেন্দ্রিক হবে। এতে করে শিক্ষক-শিক্ষার্থীরা গবেষণা করার অনুপ্রেরণা পাবেন।’মালেয়েশিয়ার ইউনিভার্সিটি অব মালায়ার গবেষক জিন্নাত আরা ইসলাম প্রথম আলোকে বলেন, ‘বিদেশে প্রায় প্রত্যেকটি গবেষণা কার্যক্রম গবেষণাগারভিত্তিক। বাংলাদেশের সবগুলো বিশ্ববিদ্যালয়ে এমনটি করা উচিত।’ বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, ঢাকা বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়সহ দেশের বিভিন্ন উচ্চশিক্ষা ও গবেষণাপ্রতিষ্ঠান ছাড়াও জাপান, ইতালি, মালয়েশিয়া, জার্মানি, দক্ষিণ কোরিয়া, সুইডেন, চেক প্রজাতন্ত্রসহ কয়েকটি দেশের মনোনীত প্রতিনিধিরা এ সম্মেলনে অংশ নিয়েছেন।শাহজালাল বিশ্ববিদ্যালয়ের ফলিতবিজ্ঞান ও প্রযুক্তি অনুষদ দ্বিতীয়বারের মতো এই আন্তর্জাতিক সম্মেলনের আয়োজন করেছে। সহযোগিতায় রয়েছে প্রথম আলো ও এনার্জি প্রিমা লিমিটেড।আন্তর্জাতিক সম্মেলনের আহ্বায়ক ফলিতবিজ্ঞান ও প্রযুক্তি অনুষদের ডিন মোহাম্মদ ইকবাল এবং সদস্যসচিব পুর ও পরিবেশ কৌশল বিভাগের সহযোগী অধ্যাপক মুশতাক আহমেদ প্রথম আলোকে জানান, আজ বৃহস্পতিবার শেষ হচ্ছে তিন দিনব্যাপী আন্তর্জাতিক সম্মেলন। শেষে দিনে ১০টি সেশনে শতাধিক গবেষক প্রকৌশল ও প্রযুক্তিবিষয়ক গবেষণাপত্র উপস্থাপন করবেন। বিকেল পাঁচটায় বিশ্ববিদ্যালয়ের মিনি অডিটোরিয়ামে সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে শেষ হবে সম্মেলন।