প্রকৌশল বিভাগ নিয়ে পড়ালেখা করেও ‘প্রকৌশল’সংক্রান্ত সনদ পাচ্ছেন না চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের দুই বিভাগের শিক্ষার্থীরা। এতে তাঁরা চাকরি পাওয়াসহ নানা ধরনের সমস্যায় পড়ছেন বলে অভিযোগ পাওয়া গেছে। বিজ্ঞান অনুষদের অধীনে শিক্ষা কার্যক্রম পরিচালিত হওয়া বিভাগ দুটি হচ্ছে: ফলিত পদার্থবিদ্যা, ইলেকট্রনিকস ও যোগাযোগ প্রকৌশল এবং কম্পিটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগ। বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, চার বছরের শিক্ষাজীবন শেষে এই দুই বিভাগের শিক্ষার্থীদের দেওয়া হয় বিএসসি (সম্মান) ডিগ্রি। শিক্ষার্থীরা এ ডিগ্রি নিয়ে পড়েন বিড়ম্বনায়। কারণ প্রকৌশল ডিগ্রি না থাকায় চাকরির বাজারে বঞ্চিত হচ্ছেন দুই প্রকৌশল বিভাগের মেধাবী শিক্ষার্থীরা।শিক্ষার্থীরা দীর্ঘদিন ধরে প্রকৌশল ডিগ্রি দেওয়ার দাবি জানিয়ে আসছেন। শিক্ষার্থীদের এ দাবির সঙ্গে একমত বিজ্ঞান অনুষদের ডিন আবুল কালাম আজাদ, বিভাগগুলোর সভাপতি এবং শিক্ষকেরা। শিক্ষার্থীদের প্রকৌশল ডিগ্রি দেওয়ার ব্যাপারে বিশ্ববিদ্যালয়ের ত ৎ কালীন উপাচার্য প্রয়াত আবু ইউসুফ ও সহউপাচার্য মো. আলাউদ্দিন কয়েকবার আশ্বাস দিয়েছিলেন। কিন্তু সে আশ্বাস এখনো বাস্তবায়িত হয়নি। অবিলম্বে এ দাবি বাস্তবায়নের জন্য বিভাগের শিক্ষার্থীরা গতকাল রোববার বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে স্মারকলিপি দিয়েছেন। এ প্রসঙ্গে শিক্ষার্থীরা বলেন, প্রকৌশল বিভাগ হওয়া সত্ত্বেও তাঁদের বিএসসি (সম্মান) ডিগ্রি দেওয়া হচ্ছে। প্রকৌশল ডিগ্রি দেওয়ার জন্য কর্তৃপক্ষের প্রতি বারবার দাবি জানানো হলেও এখনো কোনো ইতিবাচক সিদ্ধান্ত নেওয়া হয়নি। ফলে তাঁরা চাকরির ক্ষেত্রে পিছিয়ে পড়ছেন। শিক্ষার্থীরা স্মারকলিপিতে উল্লেখ করেন, ফলিত পদার্থবিদ্যায় চার বছরের কোর্সে সর্বমোট ১৬০ ক্রেডিট পড়তে হয়। এ বিভাগের সিলেবাস দেশের অন্যান্য বিশ্ববিদ্যালয়ের সিলেবাসের সমমান। নিয়মকানুনও একই। ২০০৮ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ও চলতি বছর রাজশাহী বিশ্ববিদ্যালয়ে এই দুই বিভাগের শিক্ষার্থীদের প্রকৌশল ডিগ্রি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। তাই অবিলম্বে তাঁদেরও প্রকৌশল ডিগ্রি দেওয়ার ব্যাপারে সিদ্ধান্ত গ্রহণ করা হোক।এ প্রসঙ্গে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার মোহাম্মদ সফিউল আলম প্রথম আলোকে বলেন, শিক্ষার্থীদের এ দাবি নিয়মানুযায়ী বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন পর্ষদে আলোচনা হবে। তারপর এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।বিভাগ সূত্রে জানা যায়, শিক্ষার্থীদের প্রকৌশল ডিগ্রি দিতে হলে তার আগে প্রকৌশল অনুষদ চালু করতে হবে। ইতিমধ্যে ফলিত পদার্থবিদ্যা বিভাগ থেকে এ অনুষদ চালু করার জন্য উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানা গেছে।বিভাগের সভাপতি শংকর লাল সাহা প্রথম আলোকে বলেন, শিক্ষার্থীদের প্রকৌশল ডিগ্রি দেওয়া হলেও উপকৃত হবে। এ জন্য প্রকৌশল অনুষদ চালু করতে হবে।কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগের সভাপতি হানিফ সিদ্দিকী প্রথম আলোকে বলেন, ‘আমাদের বিভাগের নাম কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগ। কিন্তু শিক্ষার্থীদের দেওয়া হয় “বিএসসি (সম্মান)” ডিগ্রি। এটা অসামঞ্জস্যপূর্ণ। শিক্ষার্থীরা এ ডিগ্রি নিয়ে দেশে ও দেশের বাইরে ভোগান্তি পড়বে। তাই দ্রুত এ সমস্যার সমাধান করা উচিত।’বিজ্ঞান অনুষদের ডিন আবুল কালাম আজাদ শিক্ষার্থীদের দাবি যৌক্তিক উল্লেখ করে বলেন, ‘কয়েক বছর আগে প্রকৌশল অনুষদ চালুর ব্যাপারে বিজ্ঞান অনুষদ থেকে সর্বসম্মত সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নতুন এ অনুষদ চালুর বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।’