আফগানিস্তানের মাজার-ই-শরিফে দুষ্কৃতকারীদের হাতে নিহত বাংলাদেশি প্রকৌশলী কাজী আলতাফ হোসেনের লাশ আজ রোববার সকালে ঢাকায় পৌঁছাতে পারে। গত ১৭ ডিসেম্বর একদল অস্ত্রধারী আফগানিস্তানের চতুর্থ বৃহত্তম শহরে অবস্থিত দক্ষিণ কোরীয় অবকাঠামো নির্মাণ প্রতিষ্ঠান সেমহোয়ান করপোরেশনের একটি অস্থায়ী শিবিরে হামলা চালিয়ে প্রকৌশলী আলতাফকে হত্যা করে। অপহরণ করা হয় অপর সাত বাংলাদেশিকে। পরে দুজনকে মুক্তি দেয় অপহরণকারীরা। অপহূত ব্যক্তিদের দ্রুত উদ্ধারের দাবি জানিয়েছেন তাঁদের স্বজনেরা। পররাষ্ট্র মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা গতকাল জানান, পাঁচ বাংলাদেশিকে নিরাপদে উদ্ধারের জন্য আফগানিস্তানের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সর্বাত্মক চেষ্টা চালাচ্ছে। খুব শিগগির তাঁদের নিরাপদে উদ্ধার করা হবে বলে আফগানিস্তানের পক্ষ থেকে বাংলাদেশকে প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। জানা গেছে, অপহরণকারীরা বাংলাদেশের পাঁচ জিম্মিকে কোথায় রেখেছে, তা চিহ্নিত করেছেন আফগানিস্তানের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। উজবেকিস্তানে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ ইমরান গতকাল শনিবার প্রথম আলোকে বলেন, শনিবার বিকেলে প্রকৌশলী আলতাফ হোসেনের লাশ নিয়ে আফগানিস্তানের রাষ্ট্রীয় বিমান সংস্থা আরিয়ানার একটি ফ্লাইট কাবুল থেকে দুবাইয়ের উদ্দেশে যাত্রা করেছে। লাশটি দুবাই থেকে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে করে ঢাকায় নেওয়া হবে। প্রকৌশলীর লাশ রোববার (আজ) দিনের প্রথম ভাগে ঢাকায় পৌঁছার কথা রয়েছে।রাষ্ট্রদূত জানান, আলতাফের লাশের সঙ্গে ঢাকায় যাচ্ছেন তাঁর বড় ভাই ও এক সহকর্মী। আলতাফের বড় ভাইও সেমহোয়ানের কর্মী। সেমহোয়ানের অপহূত পাঁচ বাংলাদেশি কর্মীকে উদ্ধার ও আলতাফের লাশ দেশে আনতে সরকার আফগানিস্তানের পাশাপাশি পাকিস্তানেরও সহায়তা চেয়েছে। পাকিস্তানের প্রধানমন্ত্রী ইউসুফ রাজা গিলানি গত বৃহস্পতিবার ইসলামাবাদে বাংলাদেশের হাইকমিশনার সোহরাব হোসেনকে জানিয়েছেন, জিম্মিদের উদ্ধারে তাঁর দেশ সব ধরনের সহায়তা করবে।আমাদের টাঙ্গাইল অফিস জানায়, আফগানিস্তানে অপহূত বাংলাদেশিদের মধ্যে তিনজন টাঙ্গাইলের। এই তিনজনকে দ্রুত উদ্ধারের ব্যবস্থা নেওয়ার জন্য সরকারের কাছে দাবি জানিয়েছে তাঁদের পরিবার। গতকাল শনিবার টাঙ্গাইল প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ দাবি জানানো হয়।সংবাদ সম্মেলনে অপহূত আমিনুল ইসলাম ও সফিউল আলমের স্ত্রী, সন্তান, বাবা-মা ও আত্মীয়স্বজনেরা কান্নায় ভেঙে পড়েন। আফগানিস্তানে অপহূত পাঁচ বাংলাদেশির মধ্যে তিনজনের বাড়ি টাঙ্গাইল জেলায়। তাঁরা হলেন, কালিহাতী উপজেলার বাংড়া ইউনিয়নের বাগুটিয়া গ্রামের আবদুল কাদেরের ছেলে আমিনুল ইসলাম (৩২), একই গ্রামের হযরত আলীর ছেলে সফিউল আলম খোকন (৩৪), সদর উপজেলার মগড়া ইউনিয়নের ঘোষের গাগড়জান গ্রামের লস্কর মিয়ার ছেলে লাবলু রহমান (৩৫)। আমিনুল ইসলাম এক্সকেভেটর অপারেটর আর সফিউল আলম ও লাবলু রহমান সার্ভেয়ার পদে কাজ করেন। স্বজনেরা বলেন, অপহূত ব্যক্তিরা জীবিত না মৃত, তাঁরা কী অবস্থায় রয়েছেন, তা জানা যাচ্ছে না। এ অবস্থায় চরম উদ্বেগ ও উৎকণ্ঠার মধ্যে স্বজনদের দিন কাটছে। তাই তাঁদের উদ্ধারে ব্যবস্থা নেওয়ার জন্য সরকারের প্রতি জোর দাবি জানানো হয়।আফগানিস্তানে কর্মরত সফিউল আলমের ভাই প্রকৌশলী আলমগীর হোসেন মুঠোফোনে প্রথম আলোকে বলেন, কোরীয় কোম্পানি সেমহোয়ান করপোরেশনের সাব-অফিসে ১৭ বাংলাদেশি ২০০৪-০৫ সাল থেকে কাজ করছেন। আমিনুলের বাবা আবদুল কাদের জানান, বঙ্গবন্ধু সেতুর সংযোগ সড়ক নির্মাণের সময় ওই তিনজন সেমহোয়ান করপোরেশনের হয়ে কাজ করেছেন। কাজে সন্তুষ্ট হয়ে ওই কোম্পানি তাঁদের আফগানিস্তানে নিয়ে যায়। সংবাদ সম্মেলনে আমিনুলের বাবা আবদুল কাদের, স্ত্রী বিলকিস আক্তার, দুই শিশুসন্তান ইমরান ও সুমি, সফিউল আলমের স্ত্রী নাসিমা আক্তার, মেয়ে সাবিকুন নাহার ও তাহমিনা আক্তার উপস্থিত ছিল।