প্রকৌশলী আলীম ফিরেছেন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বরিশালে নিখোঁজ হওয়া প্রকৌশলী এইচ এম আবদুল আলীম গত বুধবার রাতে ফিরে এসেছেন। নগর থেকে ছয় দিন আগে নিখোঁজ হন তিনি। তবে আলীম কীভাবে নিখোঁজ হয়েছিলেন, কোথায় ছিলেন, কিছুই জানা যায়নি। তিনি কারও সঙ্গে কথা বলছেন না।

এ ঘটনায় বরিশাল কোতোয়ালি মডেল থানায় করা সাধারণ ডায়েরির (জিডি) তদন্ত কর্মকর্তা এসআই রেজাউল ইসলাম বলেন, পুলিশ ও পরিবারের সদস্যদের তৎপরতায় আবদুল আলীম বাড়ি ফিরে এসেছেন। অসুস্থ থাকায় তাঁকে শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। চিকিৎসকেরা পরীক্ষা-নিরীক্ষা শেষে বলেছেন, আবদুল আলীম সুস্থ আছেন। এরপর তাঁকে পরিবারের জিম্মায় দেওয়া হয়।

আবদুল আলীম বরিশাল নগরের দক্ষিণ আলেকান্দা মীরাবাড়ির পোল এলাকার হাবিবুর রহমানের ছেলে। তিনি একটি বেসরকারি প্রতিষ্ঠানের প্রকৌশলী। গত ৩০ জুন নগরের সরকারি সৈয়দ হাতেম আলী কলেজ চৌমাথা বাজার এলাকা থেকে তিনি রহস্যজনকভাবে নিখোঁজ হন। এ ঘটনায় তাঁর বড় ভাই এইচ এম আবদুল্লাহ ১ জুলাই কোতোয়ালি মডেল থানায় জিডি করেন।

পুলিশ ও পরিবার সূত্রে জানা যায়, আবদুল আলীম বুধবার রাতে নগরের কালুশাহ সড়কে তাঁর মামা মো. ইব্রাহীমের বাসায় আসেন। এ সময় স্বজনেরা কান্নায় ভেঙে পড়েন। তবে তিনি কোনো কথা বলছেন না। পরিবারের সদস্যরা তাঁকে বারবার জিজ্ঞাসা করছেন কী হয়েছিল, তিনি কোথায় গিয়েছিলেন। কিন্তু তিনি কোনো উত্তর দিচ্ছেন না। পুলিশও তাঁর কাছে নিখোঁজ হওয়ার রহস্য জানার চেষ্টা করে ব্যর্থ হয়েছে।