প্রকৌশলী কাশেমকে হাসপাতালে দেখতে গেলেন প্রধানমন্ত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২৭ জুন হরতাল চলাকালে বিএনপির কর্মীদের হাতে গুরুতর আহত পানি ও বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডব্লিউডি) তত্ত্বাবধায়ক প্রকৌশলী আবুল কাশেমকে দেখতে গতকাল মঙ্গলবার সকালে স্কয়ার হাসপাতালে যান। খবর বাসসের। হরতালের দিন সকালে অফিসে যাওয়ার পথে শাহবাগে হরতালের সমর্থনে পিকেটারদের ছোড়া একটি ইট আবুল কাশেমের মাথায় লাগে। এতে তিনি গুরুতর আহত হন। বর্তমানে তিনি স্কয়ার হাসপাতালে নিবিড় পরিচর্যাকেন্দ্রে চিকিৎসাধীন।প্রধানমন্ত্রী আবুল কাশেমের চিকিৎসার খোঁজখবর নেন। তাঁর পরিবারের সদস্যদের সান্ত্বনা দেন ও সহমর্মিতা প্রকাশ করেন। তিনি সরকারের পক্ষ থেকে আবুল কাশেমের সার্বিক চিকিৎসার আশ্বাস দেন। শেখ হাসিনা অফিসে যাওয়ার পথে এ ধরনের হামলার ঘটনাকে নৃশংস ও ন্যক্কারজনক বলে অভিহিত করেন।আবুল কাশেমের অবস্থা এখনো আশঙ্কাজনক: আমাদের নিজস্ব প্রতিবেদক জানান, হরতাল চলাকালে আহত প্রকৌশলী আবুল কাশেমের অবস্থা এখনো শঙ্কামুক্ত নয়। স্কয়ার হাসপাতালের চিকিৎসক খন্দকার আবু তালহা প্রথম আলোকে বলেন, আবুল কাশেম এখনো আশঙ্কামুক্ত নন। তবে তাঁর অবস্থা আগের চেয়ে একটু ভালো। কৃত্রিম যন্ত্রের ওপর শতভাগ নির্ভরতা কিছুটা কমেছে। তিনি নিজে কিছুটা সাড়া দিতে পারছেন। তবে শঙ্কামুক্ত আছেন, তা বলা যাবে না।নিন্দা ও প্রতিবাদ: প্রকৌশলী আবুল কাশেমের ওপর হামলার নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে প্রকৌশলীদের সংগঠন ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন (আইইবি)। একই সঙ্গে তাঁর যথাযথ চিকিৎসা-সহায়তা দিতে সরকারের প্রতি অনুরোধ জানিয়েছে ওই সংগঠন।গতকাল মঙ্গলবার আইইবি ভবনে অনুষ্ঠিত ওই প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। ওই সভায় আবুল কাশেম আহত হওয়ার প্রতিবাদে প্রধানমন্ত্রীকে স্মারকলিপি প্রদান এবং দেশের বিভিন্ন প্রকৌশল বিভাগে প্রতিবাদ সভা ও ব্যানার টানানোর সিদ্ধান্ত নেওয়া হয়।