
সীতাকুণ্ডের ভাটিয়ারীতে ট্রেনে ছোড়া ঢিলে প্রকৌশলী প্রীতি দাশ নিহত হওয়ার ঘটনায় জড়িত থাকার অভিযোগে ইকবাল হোসেন (১৯) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।
আজ সোমবার সকালে অভিযান চালিয়ে ইকবালকে গ্রেপ্তার করা হয়।ইকবাল হোসেনের বাড়ি উপজেলার ভাটিয়ারী ইউনিয়নের কেশবপুর গ্রামে।তাঁর বাবার নাম হারুন উর রশিদ।
পুলিশ জানায়, প্রীতি দাশ নিহত হওয়ার ঘটনায় দায়ের করা মামলার সূত্র ধরে ভাটিয়ারী ইউনিয়নের বিভিন্ন জায়গায় অভিযান চালানো হয়।এ সময় ইকবাল হোসেনকে আটক করেন সীতাকুণ্ড থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) শাহ আলম হালদার।পরে আটক ব্যক্তিকে রেল পুলিশের কাছে পাঠানো হয়।
চট্টগ্রাম রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহীদউল্লাহ ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ঢিল ছোড়ার অভিযোগে তাঁকে গ্রেপ্তার করা হয়েছে।
১১ আগস্ট রাতে সীতাকুণ্ডের ভাটিয়ারী ভাঙ্গাব্রিজ এলাকায় দুর্বৃত্তদের ছোড়া ঢিলের আঘাতে প্রীতি দাশ নামে এক প্রকৌশলী নিহত হন।