প্রকৌশলী সাদবীন হত্যা চিকিৎসক গ্রেপ্তার
বস্ত্র প্রকৌশলী সাদবীন হোসেন (২৫) হত্যা মামলার এজাহারভুক্ত একমাত্র আসামি চিকিৎসক নাজিম জাহাঙ্গীরকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাঁকে জিজ্ঞাসাবাদের জন্য গতকাল বুধবার তিন দিনের রিমান্ডে নেওয়া হয়েছে।
রাজধানীর ল্যাবএইড হাসপাতালের পেছনে চায়ের দোকানে গত সোমবার গভীর রাতে সাদবীনকে গুলি করে হত্যা করা হয়।
নিহত সাদবীনের স্বজনেরা জানান, কয়েক বছর ধরে সাদবীনের খালু বিশিষ্ট কিডনিবিশেষজ্ঞ শহীদুল আলম খানের পরিবারকে বিরক্ত করছিলেন নাজিম জাহাঙ্গীর। তাঁর কাছে চাঁদাও চেয়েছিলেন। এসব বিষয় নিয়ে শহীদুল আলম মামলাও করেছিলেন। কয়েক দিন ধরে সেই মামলা ওঠানোর জন্য চাপ দিচ্ছিলেন নাজিম জাহাঙ্গীর। নাজিমের উৎপাত বন্ধ করতে সাদবীন চেষ্টা করেছিলেন। স্বজনদের ধারণা, এ কারণেই তাঁকে হত্যা করা হয়।
কলাবাগান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইকবাল বলেন, মঙ্গলবার রাতে রমনা এলাকা থেকে নাজিম জাহাঙ্গীরকে গ্রেপ্তার করা হয়। গতকাল তাঁকে আদালতে পাঠিয়ে জিজ্ঞাসাবাদের জন্য সাত দিনের রিমান্ডের আবেদন জানানো হলে আদালত তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।
সাদবীন হত্যা মামলার তদন্ত কর্মকর্তা কলাবাগান থানার এসআই শরীফুল ইসলাম বলেন, বিভিন্ন সূত্রে অনেক তথ্য পাওয়া গেছে। সেগুলো যাচাই করে দেখতে হবে। নাজিমকে রিমান্ডে জিজ্ঞাসাবাদেও অনেক তথ্য পাওয়া যাবে।