প্রকৌশলী হওয়ার স্বপ্ন পুকুরে ডুবে শেষ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নিলয় মো. আজম
নিলয় মো. আজম

সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের তৃতীয় বর্ষের এক ছাত্র পুকুরে ডুবে মারা গেছেন। বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু হলের পাশের পুকুরে গতকাল রোববার এ ঘটনা ঘটে।
মৃত ছাত্রের নাম নিলয় মো. আজম (২২)। তিনি কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগের (সিএসই) তৃতীয় বর্ষ দ্বিতীয় সেমিস্টারের শিক্ষার্থী ছিলেন। নিলয় চট্টগ্রামের নাসিরাবাদের রহমাননগর আবাসিক এলাকার মো. আবুল বাসারের ছেলে। বাবা-মায়ের দুই ছেলের মধ্যে নিলয় বড়।
বিভাগের শিক্ষার্থীরা বলেন, অন্য সব দিনের মতো নিলয় গতকালও বিভাগে গিয়েছিলেন। দুপুর সাড়ে ১২টা পর্যন্ত বিভাগে টেবিল টেনিস খেলেন। এরপর বঙ্গবন্ধু হলের পাশের পুকুরে গোসল করতে যান।
তড়িৎ ও ইলেকট্রনিকস প্রকৌশল বিভাগের শিক্ষার্থী মাজহারুল ইসলাম বলেন, ‘টেবিল টেনিস খেলা শেষে গোসল করতে গিয়েছিল নিলয়। তবে এভাবে লাশ হয়ে ফিরে আসবে কল্পনা করিনি। নিলয় মারা গেছে, এখনো বিশ্বাস হচ্ছে না।’
প্রত্যক্ষদর্শী একজন বলেন, নিলয় সিএসই বিভাগের দ্বিতীয় বর্ষের আরেক শিক্ষার্থীকে নিয়ে পুকুরে নেমেছিলেন। সাঁতার না জানার কারণে গভীর জলে ডুবে মারা যান।
এমরান শিকদার বলেন, চিৎকার শুনে তিনি এগিয়ে যান। পরে পানির নিচ থেকে নিলয়ের দেহ উদ্ধার করে একটি বেসরকারি হাসপাতালে নেন। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
বেলা আড়াইটার দিকে সিএসই বিভাগে নিলয়ের লাশ নিয়ে আসা হলে তাঁর সহপাঠী ও বিভাগের অন্য শিক্ষার্থীরা কান্নায় ভেঙে পড়েন। সহপাঠী নওশাদ হাসান বলছিলেন, ‘এক সপ্তাহ আগে আমাকে বলেছিল সাঁতার না জানার কারণে কী কী বিপদ হতে পারে, তা নিয়ে গুছিয়ে একটি ফেসবুক স্ট্যাটাস দিতে। আর তুই কিনা সাঁতার না জানার কারণে আমাদের ছেড়ে চলে গেলি।’
সিএসই বিভাগের ভারপ্রাপ্ত বিভাগীয় প্রধান মোহাম্মদ জহিরুল ইসলাম বলেন, নিলয়ের লাশ এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের হিমাগারে রাখা হয়েছে। তাঁর পরিবারের সদস্যদের খবর দেওয়া হয়েছে। তাঁরা আসার পর পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।