প্রকৌশলীকে অপহরণের সময় খুলনায় পাঁচজন গ্রেপ্তার
খুলনা মহানগরের নিরালা আবাসিক এলাকা থেকে মো. নাহিদুল ইসলাম ওরফে রোমেল (৩২) নামে এক প্রকৌশলীকে অপহরণের সময় পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত রোববার রাত ১০টার দিকে নগরের ময়লাপোতা মোড় এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন সাঈদ এ কাওসার ওরফে সুমন ওরফে বোমা সুমন (৩৮), নগরের দৌলতপুর দিবা-নৈশ কলেজের সহকারী অধ্যাপক শফিকুল ইসলাম (৪৫), ফয়সাল (৩৭), সাইফুল ইসলাম ওরফে রতন (৪০) ও মাইক্রোবাসচালক বাশার (৩৯)। পুলিশ তাঁদের ব্যবহূত মাইক্রোবাসটি আটক করেছে। এ ঘটনায় খুলনা সদর থানায় মামলা হয়েছে।খুলনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুনীর-উল-গীয়াস জানান, অপহরণকারীরা রাত সাড়ে নয়টার দিকে নগরের ময়লাপোতা মোড় এলাকার পেঙ্গুইন রেন্ট-এ-কার থেকে একটি মাইক্রোবাস ভাড়া নেন। পরে তাঁরা মাইক্রোবাসটি নিয়ে নিরালা আবাসিক এলাকায় গিয়ে প্রাণন নামের একটি প্রতিষ্ঠানের প্রধান নির্বাহী কর্মকর্তা প্রকৌশলী নাহিদুল ইসলাম ওরফে রোমেলকে জোর করে মাইক্রোবাসে উঠিয়ে ময়লাপোতা এলাকার দিকে আসার চেষ্টা করেন। রোমেলের চিৎকারে এলাকাবাসী মাইক্রোবাসটির পিছু নেয়। মাইক্রোবাসটি ময়লাপোতা মোড়ে এলে পুলিশ ব্যারিকেড দিয়ে অপহরণকারীদের আটক ও রোমেলকে উদ্ধার করে। তবে গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের দাবি, তাঁরা রোমেলের কাছে দুই লাখ টাকা পাবেন। সেই টাকা আদায়ের জন্য তাঁর বাসায় নিয়ে যাওয়া হচ্ছিল। তবে রোমেল জানান, তাঁর কাছে অপহরণকারীরা কোনো টাকা পাবেন না।