প্রকৌশলীকে আটক ও পরে মুক্ত করালেন মেয়র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মেয়রের সই জাল করে প্রকল্প জমা দেওয়ার অভিযোগে নির্বাহী প্রকৌশলী হারুন অর রশিদকে পুলিশ দিয়ে আটক করান মেহেরপুর পৌরসভার মেয়র মুতাছিম বিল্লাহ। এর কিছুক্ষণ পর মেয়রই পুলিশের হাত থেকে হারুন অর রশিদকে মুক্ত করান। গত শনিবার এ ঘটনা ঘটে।
পুলিশ সূত্রে জানা গেছে, মেয়রের লিখিত অভিযোগের পরিপ্রেক্ষিতে শনিবার রাত নয়টার দিকে নির্বাহী প্রকৌশলী হারুনকে আটক করতে পৌরসভা কার্যালয়ে যায় সদর থানার উপপরিদর্শক (এসআই) রফিকের নেতৃত্বে পুলিশের একটি দল। পরে হারুনকে আটক করে থানায় নিয়ে যায় পুলিশ।
মেয়র মুতাছিম বিল্লাহ বলেন, তাঁর সইসংবলিত ও অনুমোদিত শহর উন্নয়নকাজের একটি প্রকল্প অনেক আগে মন্ত্রণালয়ে পাঠানো হয়। সম্প্রতি হারুন অর রশিদ তাঁর সই জাল করে আরও একটি প্রকল্প মন্ত্রণালয়ে পাঠান। বিষয়টি জানতে পেরে ও শনিবার সন্ধ্যায় কার্যালয়ে এসে কাগজপত্র যাচাই-বাছাইয়ের পর ঘটনার সত্যতা পাওয়া যায়। পরে জিজ্ঞাসাবাদ করা হলে তিনি সই জালের বিষয়টি স্বীকার করেন। এর আগেও হারুনের বিরুদ্ধে তাঁরসহ (মুতাছিম) একাধিক কর্মকর্তার সই জাল করার অভিযোগ রয়েছে। সেই অপরাধে তাঁকে পুলিশেও দেওয়া হয়েছিল।
তবে থানা থেকে প্রকৌশলী হারুনকে ছাড়িয়ে নেওয়ার বিষয়ে জানতে চাইলে মেয়র বলেন, ‘ওই প্রকৌশলীর পরিবার থেকে অনুনয়-বিনয় ও কান্নাকাটি করায় ওই অভিযোগ প্রত্যাহার করে তাঁকে ছাড়িয়ে আনি।’
মেহেরপুর সদর থানার ওসি আহসান হাবিব প্রথম আলোকে বলেন, মেয়র মুতাছিমের লিখিত অভিযোগের পরিপ্রেক্ষিতে ওই প্রকৌশলীকে আটক করে থানায় আনা হয়। পরে মেয়রই সেই অভিযোগ প্রত্যাহারসহ প্রকৌশলীকে ছেড়ে দেওয়ার অনুরোধ করেন। এ কারণে রাতেই ওই তাঁকে ছেড়ে দেওয়া হয়।
এ ব্যাপারে গতকাল রোববার সন্ধ্যায় হারুন অর রশিদের মুঠোফোনে বেশ কয়েকবার যোগাযোগের চেষ্টা করা হলে তিনি ফোন ধরেননি। মুঠোফোনে খুদে বার্তা পাঠালেও তিনি সাড়া দেননি।