প্রকৌশলীকে মারধরের ঘটনায় কচুয়া উপজেলা চেয়ারম্যান বরখাস্ত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চাঁদপুরের কচুয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহজাহান শিশির সাময়িকভাবে বরখাস্ত হয়েছেন। তাঁর বিরুদ্ধে শিক্ষা প্রকৌশল বিভাগের উপসহকারী প্রকৌশলী নূরে আলমকে মারধরের অভিযোগ ওঠে।

বৃহস্পতিবার স্থানীয় সরকার মন্ত্রণালয়ের এক চিঠিতে শাহজাহানকে বরখাস্তের বিষয়টি জানানো হয়। চাঁদপুরের অতিরিক্ত জেলা প্রশাসক ও স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক মোহাম্মদ আবদুল্লাহ আল মাহমুদ জামান বিষয়টি নিশ্চিত করেছেন।

উপপরিচালক বলেন, উপসহকারী প্রকৌশলী নূরে আলম গত রোববার কচুয়া থানায় একটি মামলা করেন। এতে তিনি চেয়ারম্যান শাহজাহান শিশিরের বিরুদ্ধে মারধর ও সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগ করেন। ওই মামলার পরিপ্রেক্ষিতে শাহজাহান শিশিরকে সাময়িক বরখাস্তের বিষয়ে স্থানীয় সরকার মন্ত্রণালয় আদেশটি জারি করেছে।

শিক্ষা প্রকৌশল অধিদপ্তর সূত্রে জানা যায়, চাঁদপুর শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের অধীনে কচুয়া উপজেলা শহরে ৬ কোটি টাকা ব্যয়ে কচুয়া শহীদ স্মৃতি সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ের একটি ছয়তলা ভবনের নির্মাণকাজ চলছে। উপজেলা পরিষদ চেয়ারম্যান শাহজাহান শিশির তাঁর লোকজন নিয়ে রোববার দুপুরে ওই বিদ্যালয়ে প্রবেশ করেন। এ সময় তিনি নির্মাণকাজে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ তুলে উপসহকারী প্রকৌশলী নূরে আলমকে মারধর করেন। এ সময় ঘটনাস্থলে উপস্থিত ছিলেন কচুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) দ্বীপায়ন দাস। পরে নূরে আলমের করা মামলায় উপজেলা চেয়ারম্যানসহ তিনজনের নাম উল্লেখ করা হয়। অজ্ঞাতনামা আসামি করা হয় আরও ১৫-২০ জনকে।

কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওয়ালি উল্লাহ বলেন, ‘ওই ঘটনায় এখনো কেউ গ্রেপ্তার হননি। তবে আমরা আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চালাচ্ছি।’

এদিকে চেয়ারম্যান শাহজাহান শিশিরের বিরুদ্ধে মামলার প্রতিবাদে মানববন্ধন করেছেন স্থানীয় আওয়ামী লীগ নেতা-কর্মীরা। বৃহস্পতিবার দুপুরে কচুয়া-গৌরীপুর সড়কে এই কর্মসূচি পালিত হয়। মানববন্ধন থেকে বক্তারা মামলাটিকে হয়রানিমূলক দাবি করে তা প্রত্যাহার ও উপসহকারী প্রকৌশলী নূরে আলমকে দুর্নীতিবাজ আখ্যা দিয়ে তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানান।