প্রকৌশলীকে লাঞ্ছিত করায় আইইবির নিন্দা ও ক্ষোভ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজারের উখিয়া উপজেলার স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) প্রকৌশলী মোস্তফা মিনহাজকে মারধর ও গালাগাল করার ঘটনায় তীব্র ক্ষোভ ও নিন্দা জানিয়েছে পুরকৌশল বিভাগ, ইনস্টিটিউশন অব ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (আইইবি)। গত বুধবার কক্সবাজারের সরকারদলীয় সাংসদ আবদুর রহমান বদি তাঁকে মারধর করেন।
পুরকৌশল বিভাগ, আইইবি বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলেছে, সাংসদ বদির হাতে এর আগেও মুক্তিযোদ্ধা, আইনজীবী, ব্যাংক কর্মকর্তা, সড়ক ও জনপথ অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী, জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট, বন বিভাগের কর্মী, শিক্ষকসহ সরকারি-বেসরকারি অনেক ব্যক্তি মারধর ও লাঞ্ছনার শিকার হয়েছেন। একজন জনপ্রতিনিধির বারবার এ ধরনের কর্মকাণ্ড প্রকৌশলী সমাজের কাছে গ্রহণযোগ্য নয়। এতে সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ন হওয়ার পাশাপাশি মাঠপর্যায়ে প্রকৌশলীদের কাজের উপযুক্ত পরিবেশ বিঘ্নিত হচ্ছে।
পুরকৌশল বিভাগ, আইইবির চেয়ারম্যান গোলাম মোস্তফা ও সেক্রেটারি মুহাম্মদ জাকির হোসেন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বদির দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করা হয়েছে। বিজ্ঞপ্তি।