প্রকৌশলীকে হত্যার হুমকি সেতুর নির্মাণকাজ বন্ধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সংশ্লিষ্ট প্রকৌশলীকে হত্যার হুমকি দিয়ে একটি সেতুর নির্মাণকাজ বন্ধ করে দিয়েছেন বিএনপি ও আওয়ামী লীগের কয়েকজন কর্মী। গত শনিবার এ হুমকির পরিপ্রেক্ষিতে প্রকৌশলী মো. শাহ আলম গতকাল রোববার বাদী হয়ে কিশোরগঞ্জ মডেল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। স্থানীয় সরকার প্রকৌশল বিভাগ ও পৌরসভা সূত্রে জানা গেছে, কিশোরগঞ্জের ঐতিহাসিক শোলাকিয়া ঈদগাহ ময়দানসহ বয়লা-তারাপাশা এলাকার সঙ্গে শহরের দুই পাড়ের মানুষের সহজ যোগাযোগ ও একরামপুর সেতুর যানজট নিরসনে পৌরসভার বয়লা এলাকায় নরসুন্দা নদীতে সেতু নির্মাণের একটি প্রকল্প গ্রহণ করেন। প্রকল্পটি বাস্তবায়নের জন্য স্থানীয় সরকার প্রকৌশল বিভাগকে দায়িত্ব দেওয়া হয়। ২০১১ সালের ১৬ আগস্ট স্থানীয় সরকার প্রকৌশল বিভাগ সেতু নির্মাণের দরপত্র আহ্বান করে। সর্বনিম্ন দরদাতা হিসেবে মেসার্স শাহীল এন্টারপ্রাইজ এক কোটি ৮৯ লাখ ৩৫ হাজার ৩৬৮ টাকায় সেতু নির্মাণের কাজটি পায়। চুক্তি সম্পাদনের পর ২০১১ সালের ২৩ অক্টোবর ঠিকাদারি প্রতিষ্ঠানকে কার্যাদেশ দেওয়া হয়। পরে ঠিকাদারি প্রতিষ্ঠানের লোকজন মালামালসহ প্রয়োজনীয় নির্মাণসামগ্রী নিয়ে সেতু নির্মাণের জন্য নির্ধারিত স্থানে একাধিকবার গেলে আওয়ামী লীগ ও বিএনপির কয়েকজন প্রভাবশালী ব্যক্তির বাধার মুখে কাজ না করে ফিরে আসেন। ফলে দীর্ঘদিন ধরে সেতু নির্মাণ প্রকল্পটি বন্ধ হয়ে পড়ে থাকে। উপজেলা প্রকৌশলী (সদর) মো. শাহ আলম ও সাইট ম্যানেজার শুভ আল মাহমুদ সাংবাদিকদের জানান, সেতু নির্মাণকাজ শুরু করতে গেলে শহর আওয়ামী লীগের সদস্য মো. ইসামুদ্দিন, তাঁর ছেলে সোহেল মিয়া এবং বিএনপির সমর্থক মো. তাজুল ইসলাম ও নাসির উদ্দিন এসে বাধা দেন। তাঁদের বোঝাতে চেষ্টা করলে তাঁরা গালিগালাজ করে একপর্যায়ে হত্যার হুমকি দেয়। অভিযোগ অস্বীকার করে ইছামুদ্দিন বলেন, ‘আমাদের কেনা ও উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত ভূমিতে সেতু নির্মাণে বাধা দিয়েছি। হত্যা করার কথা বলিনি।’ জেলা প্রশাসক মো. সিদ্দিকুর রহমান বলেন, লিখিত অভিযোগ পাওয়ার পর এ ব্যাপারে ব্যবস্থা নেওয়া হবে। উল্লেখ্য, গত বছরের ৭ ডিসেম্বর এই সেতুটি নিয়ে ‘নেতাদের বাধায় সেতু নির্মাণ বন্ধ এক বছর‘ শিরোনামে প্রথম আলোতে একটি প্রতিবেদন প্রকাশিত হয়।