চট্টগ্রামের পতেঙ্গায় অবস্থিত যমুনা অয়েল কোম্পানির ট্যাংক থেকে অকটেন সরানোর সময় প্রকৌশলী, টার্মিনাল ব্যবস্থাপকসহ দায়িত্বশীল কর্মকর্তাদের উপস্থিত থাকা, না-থাকা নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে। এ কারণে ট্যাংকের তলদেশে থাকা অকটেন কারও ‘আত্মসাৎ’ করার কোনো উদ্দেশ্য ছিল কি না, সে প্রশ্নও দেখা দিয়েছে। তদন্ত কমিটিও বলছে, তারা এই বিষয়গুলো খতিয়ে দেখবে।
যমুনা অয়েল কোম্পানির সব কটি তেলের ট্যাংক এক নম্বর গুরুত্বপূর্ণ স্থাপনা (কেপিআই) হিসেবে চিহ্নিত। স্পর্শকাতর এই স্থাপনায় কাজ চলার সময় সংশ্লিষ্ট প্রকৌশলীসহ কর্মকর্তাদের উপস্থিত থাকা বাধ্যতামূলক। এ কারণে গতকাল শনিবার বাংলাদেশ পেট্রো-লিয়াম করপোরেশন যমুনা অয়েলের প্রকৌশলী মুশফিকুর রহমানকে সাময়িক বরখাস্ত করেছে। তবে বহাল আছেন টার্মিনাল ব্যবস্থাপক। শুক্রবার সন্ধ্যায় যমুনার ১১ নম্বর ট্যাংকে তেল সরানোর সময় আগুন ধরে গেলে ১০ জন দগ্ধ হন। এঁদের মধ্যে পাঁচজনের অবস্থা গুরুতর।
কোম্পানির স্থাপনা নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত একজন কর্মী নাম প্রকাশ না করে প্রথম আলোকে জানান, খায়ের আহমদ চৌধুরী, লোকমান হোসেনসহ ১০ জন ট্যাংক পরিষ্কার করছিলেন। এ সময় বিকট শব্দে ট্যাংকের ছাউনি উড়ে দাউ দাউ করে আগুন জ্বলে ওঠে। ১০ শ্রমিকের মধ্যে খায়ের আহমদ ও লোকমান হোসেন যমুনার স্থায়ী কর্মচারী। বাকিদের ঠিকাদারের মাধ্যমে আনা হয়েছিল।
যমুনা অয়েলের ব্যবস্থাপনা পরিচালক আলিম উদ্দিন প্রথম আলোকে বলেন, ট্যাংক অটো গেজিংয়ের কাজ দিনে বা রাতে হতে পারে। তবে কাজ করার সময় সংশ্লিষ্ট প্রকৌশলীকে উপস্থিত থাকতে হয়। দুর্ঘটনার সময় সংশ্লিষ্ট প্রকৌশলী কেন উপস্থিত ছিলেন না, তা তদন্ত কমিটি খতিয়ে দেখছে। এ কারণে তাঁকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
ঘটনা তদন্তের জন্য যুগ্ম সচিব ও বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের (বিপিসি) পরিচালক (বিপণন) এস এম রেজওয়ান হোসেনকে প্রধান করে পাঁচ সদস্যের একটি কমিটি করা হয়েছে। আগামীকাল সোমবারের মধ্যে তাঁদের প্রতিবেদন দিতে বলা হয়েছে। বিপিসির চেয়ারম্যান ও সরকারের সচিব ইউনুসুর রহমান প্রথম আলোকে বলেন, ‘প্রকৌশলী এবং টার্মিনাল ব্যবস্থাপকের অনুপস্থিতিতে গুরুত্বপূর্ণ ও স্পর্শকাতর স্থাপনায় যমুনার ১১ নম্বর ট্যাংকের অটো গেজিংয়ের কাজ কেন হচ্ছিল, সেটা আমাদের প্রশ্ন? তদন্ত কমিটি তা বের করবে।’
যমুনার স্থাপনা নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত একজন সদস্য নাম প্রকাশ না করে বলেন, ১১ নম্বর ট্যাংকের ধারণক্ষমতা ২০ লাখ লিটার তেল। পরিষ্কার করার সময় ওই ট্যাংকে এক হাজার লিটারের বেশি অকটেন ছিল। যদি দাপ্তরিক অনুমোদনের বাইরে তখন কাজ করা হয়, তাহলে ধরে নিতে হবে, কারও ওই তেল আত্মসাতের উদ্দেশ্য ছিল।
তদন্ত কমিটির প্রধান ও যুগ্ম সচিব এস এম রেজওয়ান হোসেন প্রথম আলোকে বলেন, তেল চুরির উদ্দেশ্যে শুক্রবার সন্ধ্যায় কাজ চলছিল কি না, সে প্রশ্ন এসেছে। দায়িত্বশীল কর্মকর্তাদের অনুপস্থিতির কারণসহ সব বিষয়ে পুঙ্খানুপুঙ্খ তদন্ত করা হবে।
শুক্রবার দুর্ঘটনার পরই ফায়ার ব্রিগেড, নৌবাহিনী, বিমানবন্দর, পদ্মা ও মেঘনা অয়েল কোম্পানির গাড়ি ও আগুন নেভানোর সরঞ্জাম নিয়ে দমকলের কর্মীরা অকুস্থলে ছুটে যান। ঘণ্টা খানেকের মধ্যে আগুন নিয়ন্ত্রণে আনা হয়।
বিপিসির চেয়ারম্যান বলেন, ‘আল্লাহর অশেষ রহমতে ভয়াবহ বিপর্যয় থেকে আমরা রক্ষা পেয়েছি। আগুন চারদিকে ছড়িয়ে গেলে আশপাশের জ্বালানি তেলের স্থাপনাগুলো রক্ষা করা অসম্ভব ছিল। তাই আমরা বিষয়টি গুরুত্বসহকারে নিয়েছি।’
গত শুক্রবার সকালে কোম্পানির আগ্রাবাদের প্রধান কার্যালয়ে প্রকৌশলী মুশফিকুর রহমান ও নিরাপত্তা শাখার প্রধান জাহেদ হোসেন খান উপস্থিত ছিলেন না বলে প্রতিষ্ঠানের একাধিক সূত্র দাবি করেছে। ট্যাংক দুর্ঘটনার পর শুক্রবার সকাল ১০টা থেকে তাঁদের উপস্থিত দেখানো হয়েছে বলে অভিযোগ তুলেছে সূত্রগুলো।
যমুনার ব্যবস্থাপনা পরিচালক আলিম উদ্দিনও শুক্রবার রাতে এই প্রতিবেদককে বলেছিলেন, সাপ্তাহিক ছুটি থাকার কারণে ডিউটি অফিসার কেবল উপস্থিত ছিলেন। অন্য কর্মকর্তারা ছিলেন কি না, সেটা তদন্ত কমিটি দেখছে।
অভিযোগ সম্পর্কে প্রধান নিরাপত্তা কর্মকর্তা শেখ জাহিদ হোসেন হেসে বলেন, ‘আপনি এই খবর কোত্থেতে পেলেন?’ শুক্রবার সকালে উপস্থিত ছিলেন কি না নিশ্চিত করতে বললে তিনি বলেন, ‘আমি ছিলাম।’ একই রকম জবাব দিয়েছেন প্রকৌশলী মুশফিকুর রহমান। গতকাল তাঁকে সাময়িক বরখাস্ত করা হয়।
বিপিসির চেয়ারম্যান বলেন, ঘটনার সময় প্রকৌশলীসহ সংশ্লিষ্ট কেউ কেন উপস্থিত ছিল না, তা তদন্ত কমিটি খতিয়ে দেখবে।