প্রকৌশলীর অবহেলায় প্রাণ গেল বিদ্যুৎকর্মীর
বগুড়ায় ঝড়ে লন্ডভন্ড সঞ্চালন লাইন মেরামত করতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে মারা গেছেন শহিদুল ইসলাম (৩০) নামের বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) এক কর্মী। গতকাল বৃহস্পতিবার দুপুরে শহরের ফুলবাড়ি এলাকায় পানি উন্নয়ন বোর্ড (পাউবো) সংলগ্ন বিদ্যুতের সঞ্চালন লাইনে কাজ করার সময় বিদ্যুতায়িত হয়ে খুঁটি থেকে পড়ে তিনি মারা যান। শহিদুল ইসলাম বগুড়া সদরের মুগলিশপুর গ্রামের আবদুস সামাদের ছেলে।
এ ঘটনায় দায়িত্বে অবহেলার দায়ে বগুড়া পিডিবির বিদ্যুৎ বিক্রয় ও বিতরণ বিভাগ-২-এর উপসহকারী প্রকৌশলী মুশফিকুর আনোয়ারকে তাৎক্ষণিকভাবে সাময়িক বরখাস্ত করা হয়েছে। ঘটনা তদন্তের জন্য বিদ্যুৎ বিক্রয় ও বিতরণ বিভাগ-১-এর নির্বাহী প্রকৌশলী আবদুর রশীদকে প্রধান করে পাঁচ সদস্যের কমিটি গঠন করা হয়েছে।
বগুড়া পিডিবির তত্ত্বাবধায়ক প্রকৌশলী হযরত আলী বলেন, প্রাথমিকভাবে দায়িত্বে অবহেলার অভিযোগে ওই উপসহকারী প্রকৌশলীকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। তদন্ত কমিটির প্রতিবেদনে দোষী প্রমাণিত হলে তাঁর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
হযরত আলী আরও বলেন, পিডিবির বিদ্যুৎ বিক্রয় ও বিতরণ বিভাগের ওই কর্মী দুপুর দেড়টার দিকে ফুলবাড়ি এলাকায় পাউবো কার্যালয়ের সামনে ঝড়ে ক্ষতিগ্রস্ত সঞ্চালন লাইন মেরামতের কাজ করছিলেন। এ সময় সবগুলো সঞ্চালন লাইনে বিদ্যুৎ-সংযোগ বন্ধ করার কথা থাকলেও ওই উপসহকারী ভুল করে সংযোগ বিচ্ছিন্ন করেননি। বিদ্যুতায়িত সঞ্চালন লাইনে কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শহিদুল খুঁটি থেকে পড়ে মারা যান।
এদিকে পিডিবির কর্মকর্তাদের বিরুদ্ধে ঘটনাটি ধামাচাপা দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। কর্মকর্তারা মৃত ব্যক্তির পরিবারকে তিন লাখ টাকা দিয়ে বিষয়টি রফা করার চেষ্টা করেন।