প্রকৌশলীর অভিযোগে ঠিকাদার গ্রেপ্তার পরে জামিনে মুক্ত
নীলফামারী স্থানীয় সরকার প্রকৌশল বিভাগের (এলজিইডি) নির্বাহী প্রকৌশলীর দায়ের করা অভিযোগে নীলফামারীর ঠিকাদার মাহবুবুল আলমকে (৩৬) গত রোববার রাতে পুলিশ গ্রেপ্তার করে। পরে গতকাল সোমবার জেলার মুখ্য বিচারিক হাকিমের আদালত থেকে তিনি জামিনে ছাড়া পান। নীলফামারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরুল ইসলাম জানান, নীলফামারী এলজিইডির নির্বাহী প্রকৌশলী খন্দকার মাহবুব হোসেনের দায়ের করা একটি অভিযোগের ভিত্তিতে ঠিকাদার মাহবুবুল আলমকে ৫৪ ধারায় গ্রেপ্তার করা হয়েছিল। মাহবুবুল আলম শহরের মনসাপাড়ার বাসিন্দা। খন্দকার মাহবুব হোসেন অভিযোগ করেন, ঠিকাদার মাহবুবুল নিম্নমানের কাজ করে বিলের জন্য চাপ দেন। তাঁর দাবি অনুযায়ী বিল না দেওয়ায় তিনি তাঁর সঙ্গে অসৌজন্যমূলক আচরণ করেন এবং ভয়ভীতি দেখান। তবে ঠিকাদার মাহবুবুল আলম বলেন, তিনি এক কোটি ১৩ লাখ টাকায় দুটি রাস্তার কাজ পেলেও এলজিইডির অসহযোগিতার কারণে কাজ শুরু করতে পারছিলেন না। কিন্তু তিনি (নির্বাহী প্রকৌশলী) তাঁর সঙ্গে ভিক্ষুকের মতো আচরণ করেন। এ নিয়ে নির্বাহী প্রকৌশলীর সঙ্গে ভুল বোঝাবুঝির সৃষ্টি হয়। অসৌজন্যমূলক আচরণ, ভয়ভীতি প্রদর্শন ও নিম্নমানের কাজের অভিযোগ সত্য নয়।