প্রকৌশলীর বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বরিশাল গণপূর্ত বিভাগের কার্যাদেশ দেওয়া কাজের বরাদ্দের অর্থ লুটপাটের অভিযোগ তুলেছেন ওই বিভাগের ঠিকাদারেরা। গণপূর্ত বিভাগ বরিশালের নির্বাহী প্রকৌশলী কারসাজি করে বরাদ্দের ৮০ ভাগ অর্থ হাতিয়ে নিয়েছেন বলেও অভিযোগ করেন সাধারণ ঠিকাদারেরা। বরিশাল গণপূর্ত বিভাগের ঠিকাদার সমিতি জানায়, গত অর্থবছরে সাড়ে ছয় কোটি টাকা বরাদ্দ হয়েছে। ওই বরাদ্দের সিংহভাগই ভুয়া ভাউচারের মাধ্যমে লুটপাট করেছেন নির্বাহী প্রকৌশলী ও তাঁর অফিস সহকারীরা। কার্যাদেশ অনুযায়ী প্রায় সব অর্থ বরাদ্দ করা হলেও ঠিকাদারকে বরাদ্দকৃত অর্থের মাত্র ২০ ভাগ প্রদান করা হয়। বাকি ৮০ ভাগ অর্থ ঠিকাদারদের না দিয়ে বিল ভাউচার দেখিয়ে আত্মসাৎ করেন নির্বাহী প্রকৌশলী মো. আরিফুর রহমান।বরিশাল গণপূর্ত বিভাগ জানায়, ২০১১-১২ অর্থবছরে সরকারি বিভিন্ন স্থাপনা মেরামত ও রক্ষণাবেক্ষণ কাজের জন্য তিন কোটি ও স্বাস্থ্য বিভাগের স্থাপনা মেরামতের জন্য তিন কোটি ৭৬ লাখ টাকা বরাদ্দ করা হয়। সে অনুযায়ী সাধারণ ঠিকাদারদের মাঝে কাজ বণ্টন করে দেওয়া হয়। স্বাস্থ্য বিভাগের কাজের কার্যাদেশ অনুযায়ী ঠিকাদারদের নামে বরাদ্দ হয়েছে। মূল সমস্যা সরকারি স্থাপনা মেরামত ও সংস্কারকাজ নিয়ে। গত জুনে সরকারি স্থাপনা মেরামত ও রক্ষণাবেক্ষণ কাজে দুই কোটি ৮৫ লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়। ওই বরাদ্দ থেকে সাধারণ ঠিকাদারদের একটা অংশ পরিশোধ করা হয়। ঠিকাদার মো. সাজ্জাদ হোসেন অভিযোগ করেন, গণপূর্ত বিভাগের কার্যাদেশ দেওয়া কাজ তাঁরা নিজেদের অর্থে শেষ করেছেন। কিন্তু অর্থ বরাদ্দ এলেও তাঁদের মাত্র ২০ ভাগ দিয়ে বাকি অর্থ বিল ভাউচার দেখিয়ে আত্মসাৎ করেছেন নির্বাহী প্রকৌশলী। ঠিকাদার মো. মনিরুজ্জামান প্রথম আলোকে বলেন, ‘আমরা ছোট ঠিকাদার। আমাদের কাজ শেষ করেও সম্পূর্ণ অর্থ না পেলে সমস্যায় পড়তে হবে। ধার করে কাজ শেষ করেছি। টাকা পেলে ধার শোধ দেব। এখন আমাদের নামমাত্র টাকা দিয়ে বিদায় করা হয়েছে।’ঠিকাদারেরা ২০-২৫ ভাগ অর্থ পেয়েছে স্বীকার করে নির্বাহী প্রকৌশলী মো. আরিফুর রহমান প্রথম আলোকে বলেন, দুই কোটি ৮৫ লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। ওই অর্থের একটা বড় অংশ তাঁদের অফিস ব্যবস্থাপনা, কর্মচারীদের বেতন-ভাতা দেওয়ার কারণে ঠিকাদারদের সম্পূর্ণ পাওনা পরিশোধ করা সম্ভব হয়নি। সরকারি অর্থ ভুয়া বিল ভাউচারের মাধ্যমে আত্মসাৎ করার সুযোগ নেই। যেসব ঠিকাদার ওই অভিযোগ তুলেছেন, তাঁরা সঠিক বলেনি।