প্রকৌশলীরাই 'নৃশংসভাবে হত্যা করেছে' প্রকৌশলী রাজীবকে
প্রকৌশলীদের হাত থেকে প্রকৌশলী রক্ষা পায়নি বলে মন্তব্য করেছেন আদালত। ব্লগার রাজীব হত্যার দায়ে দুজনকে মৃত্যুদণ্ডাদেশ রায় ঘোষণার সময় ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল-৩ এর বিচারক সাঈদ আহমেদ আজ বৃহস্পতিবার এ মন্তব্য করেন।
রাজীব হত্যার দায়ে দুজনকে মৃত্যুদণ্ডাদেশ দিয়েছেন আদালত। এ ছাড়া একজনকে যাবজ্জীবন ও তিনজনকে তিন বছর করে কারাদণ্ড দেওয়া হয়েছে। হত্যায় প্ররোচনা দেওয়ার অভিযোগে নিষিদ্ধ জঙ্গি সংগঠন আনসারুল্লাহ বাংলা টিমের প্রধান মুফতি জসিমউদ্দিন রাহমানীকে পাঁচ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত।
রায়ে বিচারক সাঈদ আহমেদ বলেন, মামলার নথি পর্যালোচনায় দেখা গেছে নিহত ব্লগার রাজীব হায়দার প্রকৌশলী ছিলেন। আবার আসামিদের অধিকাংশই নিজেরা প্রকৌশলী হিসেবে দাবি করেছেন। তারা নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের ছাত্র। দেখা যাচ্ছে প্রকৌশলী রাজীব হায়দারকে এই প্রকৌশলীরাই নৃশংসভাবে হত্যা করেছেন।
মামলার তদন্তে কিছু ত্রুটি-বিচ্যুতি ছিল বলে মন্তব্য করে বিচারক বলেন, ঘটনার দিন নিহত ব্লগার রাজীব হায়দার তানজিলা নামের একটি মেয়ের সঙ্গে বাসা থেকে বের হয়। কিন্তু মামলার তদন্ত কর্মকর্তা ওই মেয়েটির জবানবন্দি নিতে পারতেন। কিন্তু তা নেওয়া হয়নি। সবাইকে ধৈর্য ধারণ করার পরামর্শ দিয়ে বিচারক সাঈদ আহমেদ বলেন, সামান্য কারণে খুনোখুনি হচ্ছে। এ ক্ষেত্রে পুলিশ, আইনজীবী, সাংবাদিক সবাইকে সচেতন থাকতে হবে।
এ মামলায় অনসারুউল্লাহ বাংলা টিমের প্রধান জসিমউদ্দিন রাহমানীর ৫ বছরের কারাদণ্ড ঘোষণার আগ মুহূর্তে বিচারক সাঈদ আহমদ বলেন, এ খুনের সঙ্গে মুফতি রাহমানী সরাসরি জড়িত ছিলেন এমন কোনো প্রমাণ পাওয়া যায়নি। কিন্তু আসামিদের স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে মামলার অপর আসামিরা বলেছেন, তারা জসীমউদ্দিন রাহমানীর বক্তব্য শুনতে মসজিদে যেতেন। তার বয়ান শুনে নাস্তিক ব্লগারদের খুন করতে প্ররোচিত হয়েছেন। আবার রাহমানীর স্বীকারোক্তি অনুযায়ী, তিনি এ ধরনের বক্তব্য দিতেন তা স্বীকার করেছেন। এমনকি কিছু কিছু বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তার কাছে বয়ান শুনতে আসতেন বলেও তিনি স্বীকার করেছেন। তাই প্ররোচনা দেওয়ায় ৫ বছরের দণ্ড দেওয়া হলো।
২০১৩ সালের ১৫ ফেব্রুয়ারি রাতে রাজধানীর পল্লবী থানাধীন কালশীর পলাশনগরে নিজ বাড়ির সামনে ব্লগার রাজীব হায়দারকে কুপিয়ে হত্যা করা হয়। এ ঘটনায় তাঁর বাবা নাজিম উদ্দীন পল্লবী থানায় হত্যা মামলা করেন। গত বছরের ২৯ জানুয়ারি এ মামলায় জঙ্গি সংগঠন আনসারুল্লাহ বাংলা টিমের প্রধান মুফতি জসীম উদ্দিন রাহমানীসহ আটজনের বিরুদ্ধে অভিযোগপত্র দেয় ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগ (ডিবি)। এ মামলায় মুফতি জসীম উদ্দিন রাহমানীসহ সাত আসামি কারাগারে আটক আছেন।
আরও পড়ুন: