পরিবেশ ছাড়পত্র ছাড়া কক্সবাজার সমুদ্রসৈকতে ডেসটিনির ভবন নির্মাণে জড়িত থাকার অভিযোগে তিন প্রকৌশলীসহ কোম্পানির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। গতকাল বুধবার বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী ও বিচারপতি জাহাঙ্গীর হোসেনের বেঞ্চ এ আদেশ দেন।রিটকারী পক্ষের আইনজীবী মনজিল মোরসেদ প্রথম আলোকে বলেন, আদালত ‘বেস্ট ওয়েস্টার্ন ডেসটিনি বিচ হোটেল অ্যান্ড রিসোর্ট’ কোম্পানি এবং তিন প্রকৌশলীর বিরুদ্ধে অবিলম্বে পরিবেশ আইনের বিধান অনুযায়ী পদক্ষেপ নিতে চট্টগ্রাম বিভাগের পরিবেশ অধিদপ্তরের পরিচালক ও কক্সবাজারের সহকারী পরিচালককে নির্দেশ দিয়েছেন। আগামী ১৮ জুন পরবর্তী দিন ধার্য রাখা হয়েছে।গত ২২ এপ্রিল প্রথম আলোয় ‘কক্সবাজারে ডেসটিনির অনুমোদনহীন ভবন নির্মাণ’ শিরোনামে একটি প্রতিবেদন ছাপা হয়। এতে বলা হয়, নকশার অনুমোদন ও পরিবেশ ছাড়পত্র ছাড়াই সমুদ্রসৈকত ঘেঁষে তৈরি হচ্ছে ডেসটিনি ২০০০ লিমিটেডের পাঁচতারকা হোটেল। এই প্রতিবেদন যুক্ত করে জনস্বার্থে পরিবেশ ও মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশের পক্ষে আইনজীবী মনজিল মোরসেদ রিট আবেদন করেন।