প্রকৌশলীসহ ছয়জনের বিরুদ্ধে দুদকের মামলা
চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের দুটি জাহাজের ইঞ্জিনের জন্য চার্জার ক্রয়ের ক্ষেত্রে সরকারি নীতিমালা না মানার অভিযোগে বন্দরের দুই প্রকৌশলীসহ ছয়জনের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
গতকাল বুধবার নগরের বন্দর থানায় তিনটি পৃথক মামলা করেন দুদকের উপপরিচালক মো. শহীদুল আলম সরকার। আসামিরা হলেন ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স জনতা এন্টারপ্রাইজের মালিক আবদুল্লাহ আল নাহিয়ান, চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের উপপ্রধান প্রকৌশলী (মেরিন) খোরশেদ আলম, নির্বাহী প্রকৌশলী আমিনুল ইসলাম, বন্দরের ঊর্ধ্বতন হিসাবরক্ষণ কর্মকর্তা সন্দ্বীপন চৌধুরী, বন্দরের হারবার মাস্টার নূর আহমদ চৌধুরী এবং শাহ আমান ইঞ্জিনিয়ারিং ও ওয়ার্কশপের মালিক আরিফুর রহমান ভূঁইয়া।
আসামিদের বিরুদ্ধে এমভি ঝর্ণা ও এমভি ফোয়ারা নামের দুটি জাহাজের ইঞ্জিনের জন্য কার্গো চার্জার কেনার ক্ষেত্রে গণ খাতে ক্রয় বিধিমালা (পিপিআর) লঙ্ঘন এবং পত্রিকায় বিজ্ঞাপন না দেওয়ার অভিযোগ আনা হয়। এতে বন্দরের আর্থিক ক্ষতি হয়েছে বলে এজাহারে উল্লেখ করা হয়।
দুদকের পরিচালক আবদুল আজিজ ভুঁইয়া বলেন, এসব যন্ত্রাংশ কেনার জন্য পত্রিকায় বিজ্ঞাপন দেওয়ার নিয়ম রয়েছে। সংশ্লিষ্ট ব্যক্তিরা সেটাও উপেক্ষা করে পছন্দের ঠিকাদারকে কাজ পাইয়ে দিয়েছেন।