প্রকৌশলীসহ তিনজনের আত্মহত্যা, লাশ উদ্ধার
রাজধানীর উত্তরা, খিলগাঁও ও শাহবাগে প্রকৌশলীসহ চারজনের অস্বাভাবিক মৃত্যু হয়েছে। এদের মধ্যে পেট্রোবাংলার প্রকৌশলী প্রকাশ রায় (৩৫), গৃহবধূ মোফতারিন ওরফে শারমিনের (৩০) এবং গৃহকর্মী রাবেয়া আক্তারের পরিচয় মিলেছে। অন্যজনের পরিচয় পাওয়া যায়নি। পুলিশ ও হাসপাতাল সূত্র জানায়, শুক্রবার রাত একটার দিকে পুলিশ উত্তরা ১১ নম্বর সেক্টরের ১৬ নম্বর সড়কের একটি বাড়ির দ্বিতীয় তলা থেকে পেট্রোবাংলার প্রকৌশলী প্রকাশ রায়ের (৩৫) লাশ উদ্ধার করে। প্রকাশ রায় সপরিবারে শ্বশুরের বাড়িতে থাকতেন। উত্তরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার রেজাউল হাসান প্রথম আলোকে বলেন, শ্বশুরবাড়ির লোকজন মৃত্যুর খবর দিলে পুলিশ ওই বাসার মেঝে থেকে প্রকৌশলী প্রকাশ রায়ের লাশ উদ্ধার করে। তার গলায় ফাঁস লাগানোর চিহ্ন আছে। শ্বশুরবাড়ির লোকজনের দাবি, প্রকৌশলী ঘরের সিলিং ফ্যানের সঙ্গে গলায় রশি পেঁচিয়ে আত্মহত্যা করেছেন। স্বজনেরাই সিলিং ফ্যান থেকে লাশ নিচে নামিয়ে আনেন। ওসি বলেন, প্রকৌশলীর মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়া গেলে মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে। প্রকাশ রায়ের গ্রামের বাড়ি মানিকগঞ্জের বালিয়ারটেক এলাকায়। তাঁর বাবার নাম সোনাইদাস রায়। প্রকাশ রায়ের চার মাসের একটি মেয়ে আছে। অন্য ঘটনায় গতকাল ভোরে পুলিশ উত্তর গোড়ানের বাসিন্দা ফরিদুল ইসলামের বাসা থেকে তাঁর স্ত্রী মোফতারিন ওরফে শারমিনের (৩০) লাশ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে। মৃতের ভাই এ কে এম কামরান ইসলাম অভিযোগ করেন, শুক্রবার রাতে ফরিদুল তাঁর স্ত্রী মোফতারিনকে মারধর করেন। ক্ষোভে সিলিং ফ্যানের সঙ্গে ওড়না পেঁচিয়ে তিনি আত্মহত্যা করেন। তাঁর দুই সন্তান আছে। গ্রামের বাড়ি ফরিদপুর জেলার মধুখালী থানার ডোমাইল এলাকায়। গতকাল দুপুর সোয়া একটার দিকে পুলিশ পরিবাগের একটি বাসা থেকে গৃহকর্মী রাবেয়া আক্তারের লাশ উদ্ধার করে। গৃহকর্তা আবু হোসেন পুলিশকে বলেছেন, রাবেয়াকে তার গ্রামের বরিশালের মুলাদীতে যেতে না দেওয়ায় শীতাতপ যন্ত্রের পাইপের সঙ্গে গলায় রশি পেঁচিয়ে সে আত্মহত্যা করে। তার বাবার নাম মফিজ কবির। এর আগে শুক্রবার রাতে হাইকোর্ট মাজারসংলগ্ন ফুটপাত থেকে অজ্ঞাত (৪০) এক ব্যক্তির লাশ উদ্ধার করে মর্গে পাঠায় পুলিশ। তাঁর পরনে ছিল কালো ফুল প্যান্ট। এ ব্যাপারে উত্তরা, খিলগাঁও ও শাহবাগ থানায় পৃথক চারটি অপমৃত্যু মামলা হয়েছে।