নাটোরের গুরুদাসপুর, সাতক্ষীরা এবং ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে গতকাল শুক্রবার সড়ক দুর্ঘটনায় একই পরিবারের তিনজনসহ পাঁচজন নিহত হয়েছে। আমাদের নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিদের পাঠানো খবর:গুরুদাসপুর (নাটোর): গুরুদাসপুর উপজেলার তালবাড়িয়ায় গতকাল বেলা একটার দিকে একটি ব্যক্তিগত গাড়ি ও স্কাই লাইন নামের একটি যাত্রীবাহী বাসের (ঢাকা মেট্রো ব-১১-০৫৮৫) সঙ্গে সংঘর্ষে একই পরিবারের তিনজন নিহত হয়েছে। নিহত ব্যক্তিরা হচ্ছে, প্রকৌশলী রবিউল ইসলাম (৪০), তাঁর স্ত্রী তানিয়া বেগম (২৮) ও তাঁদের ছেলে তানজিম সরোয়ার (১)।নিহত প্রকৌশলীর বাড়ি কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার প্রাগপুর গ্রামে। সাপ্তাহিক ছুটির ফাঁকে রবিউল তাঁর স্ত্রী-পুত্রকে নিয়ে ঢাকা থেকে কুষ্টিয়া যাচ্ছিলেন। দুর্ঘটনায় তাঁদের গাড়িটি দুমড়ে-মুচড়ে যায়। রবিউল ইসলাম ঢাকার বনানীতে পার্ক ইন্টারন্যাশনাল নামের একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করতেন।সাতক্ষীরা: সাতক্ষীরা শহরের তুফান মোড়ে গতকাল সকাল আটটার দিকে একটি মোটরসাইকেলের সঙ্গে একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেলের আরোহী মো. খোকন (২৮) ঘটনাস্থলেই নিহত হন।নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া): ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর-কোম্পানীগঞ্জ সড়কের ইব্রাহিমপুরের কাছে এতিমখানা গেটে গতকাল বেলা একটার দিকে একটি যাত্রীবাহী বাসের চাপায় আয়েশা বেগম (৪৫) নামের এক নারী নিহত হয়েছেন। আয়েশা বেগম উপজেলার কাঁঠালিয়া গ্রামের আবদুল আলীমের স্ত্রী। দুর্ঘটনার পর ক্ষুব্ধ এলাকাবাসী ওই সড়কে চারটি গাড়ি ভাঙচুর করে।প্রত্যক্ষদর্শীরা জানান, কোম্পানীগঞ্জ থেকে নবীনগরের উদ্দেশে ছেড়ে আসা জনতা পরিবহনের ওই বাস থেকে তড়িঘড়ি করে নামার সময় এই দুর্ঘটনা ঘটে।