প্রকৌশলীসহ সাতজনের বিরুদ্ধে অভিযোগপত্র
আলাদা মামলায় চারটি অভিযোগপত্র অনুমোদন করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। আজ বৃহস্পতিবার কমিশন এ অনুমোদন দেয়। এ ছাড়া একটি মামলাও অনুমোদন করা হয়েছে।
দুদক সূত্র জানায়, অর্থ আত্মসাৎ, জালিয়াতি এবং ক্ষমতার অপব্যবহারের অভিযোগে ২০০১ সালের ৩ আগস্ট খুলনায় চারজনের বিরুদ্ধে মামলা করে দুদক। মামলাটি দীর্ঘ দিন দুদকের অনিষ্পন্ন শাখায় পড়ে ছিল। সর্বশেষ মামলাটির তদন্ত করেন দুদকের উপপরিচালক মো. মঞ্জুর মোর্শেদ। মামলার তদন্ত শেষে রাজশাহীর সাবেক সহকারী অতিরিক্ত কর কমিশনার মো. মোশাররফ হোসেন, খুলনার সাবেক উপ-কর কমিশনার চিন্ময় প্রসূন বিশ্বাস এবং খুলনার আয়কর আইনজীবী এমএস আলমের বিরুদ্ধে অভিযোগপত্র দেওয়ার সুপারিশের পরিপ্রেক্ষিতে কমিশন এ অনুমোদন দেয়।
ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠান অপসোনিন ফার্মার অর্থ আত্মসাতের অভিযোগে ২০১৩ সালে ২৯ মে মামলা করে প্রতিষ্ঠানটি। মামলার অভিযোগ দুদকের তফসিলভুক্ত হওয়ায় তদন্তের ভার দুদকে আসে। তদন্ত করেন দুদকের সহকারী পরিচালক মোহাম্মদ নূরুল হুদা। তদন্ত শেষে হিসাবরক্ষক মাহবুবুর রহমান কাইয়ুমের বিরুদ্ধে অভিযোগপত্র দেওয়ার সুপারিশ করলে কমিশন অনুমোদন দিয়েছে।
আরেক অর্থ আত্মসাতের মামলায় শ’ওয়ালেস বাংলাদেশ লিমিটেডের হিসাবরক্ষণ কর্মকর্তা ওবায়দুল হক এবং কাস্টমার সার্ভিস সুপার ভাইজার ও ওবায়দুল হকের স্ত্রী তাহেরা তারিকের বিরুদ্ধে অভিযোগপত্র অনুমোদন করেছে দুদক। ২০০০ সালের ৬ এপ্রিল মামলা হয়। তদন্ত করেন দুদকের উপসহকারী পরিচালক মো. আবুল বাশার।
স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের উপসহকারী প্রকৌশলী এস এম হাবিবুল্লাহর বিরুদ্ধেও একটি অভিযোগপত্র অনুমোদন হয়েছে। খুলনার কয়রা এলাকায় ঠিকাদারের পাওনা বিলের অর্থ ছাড়ের জন্য দাবিকৃত ঘুষের ১০ হাজার টাকা গ্রহণকালে হাতেনাতে ধরা পড়েন হাবিবুল্লাহ। ফাঁদ পেতে দুদক কর্মকর্তারা তাঁকে গ্রেপ্তার করেন। এ বিষয়ে গত বছর ১৬ এপ্রিল খুলনার কয়রা থানায় মামলা হয়। মামলাটি তদন্ত করেন দুদকের খুলনা জেলা সমন্বিত কার্যালয়ের উপসহকারী পরিচালক এসএম শামীম ইকবাল।
এদিকে ঘুষ গ্রহণের অভিযোগে গভর্নমেন্ট প্রিন্টিং প্রেসের (বিজি প্রেস) সিনিয়র সুপারভাইজার এ কে এম জসিম উদ্দিন তালুকদারের বিরুদ্ধে মামলা অনুমোদন করেছে দুদক। উপসহকারী পরিচালক এ কে এম বালুর শহীদ বাদী হয়ে যেকোনো দিন মামলা রুজু করবেন বলে জানা গেছে। মামলায় জসিম উদ্দিন তালুকদারের বিরুদ্ধে ৩ লাখ ৮৯ হাজার টাকা ঘুষ নেওয়ার বিষয়টি অনুসন্ধানে প্রমাণ হয়।