প্রক্টর ও তিন সহকারী প্রক্টরের পদত্যাগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ও তিন সহকারী প্রক্টর পদত্যাগপত্র জমা দিয়েছেন। এর মধ্যে প্রক্টর সোহেল আহমেদ পদত্যাগ করেছেন ব্যক্তিগত কারণ দেখিয়ে। অন্য তিনজন বিশ্ববিদ্যালয়ে কাজের সুষ্ঠু পরিবেশ নেই উল্লেখ করে পদত্যাগ করেছেন।এদিকে উপাচার্য মো. আনোয়ার হোসেনের পদত্যাগের দাবিতে আজ শনিবার থেকে কর্মবিরতি শুরু করছে শিক্ষক সমিতি। ৬ এপ্রিল রাতে ছাত্রলীগের নেতা-কর্মীদের হাতে অর্থনীতি বিভাগের এক শিক্ষক লাঞ্ছিত হন। এ ঘটনায় দোষী ব্যক্তিদের বিচারের দাবিতে আন্দোলনে নামে শিক্ষক সমিতি। পরে তারা উপাচার্যের পদত্যাগের দাবি জানায়। দাবি আদায়ে ২০ এপ্রিল থেকে অসহযোগ আন্দোলনের ডাক দিয়ে উপাচার্যকে ২৫ এপ্রিলের মধ্যে পদত্যাগের সময় বেঁধে দেয়। শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক শরিফ উদ্দিন সাংবাদিকদের বলেন, ‘শিক্ষক সমিতির সর্বসম্মত সিদ্ধান্ত অনুযায়ী, উপাচার্যের পদত্যাগ ও শিক্ষক লাঞ্ছনাকারীদের বিচারের দাবিতে শনিবার (আজ) থেকে বিশ্ববিদ্যালয়ে অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতির ডাক দেওয়া হয়েছে।’ পদত্যাগ: বিশ্ববিদ্যালয়ের আটজন সহকারী প্রক্টরের মধ্যে গত বৃহস্পতিবার তিনজন পদত্যাগপত্র জমা দেন। তাঁরা হলেন সহযোগী অধ্যাপক আক্কাস আলী, সহকারী অধ্যাপক হোসাইন মো. সায়েম ও প্রভাষক মেহেদী ইকবাল। পদত্যাগের কারণ জানতে চাইলে সহযোগী অধ্যাপক আক্কাস আলী গতকাল সাংবাদিকদের বলেন, ‘কয়েক মাস ধরে আমাদের কাজের কোনো পরিবেশ না থাকায় বৃহস্পতিবার উপাচার্যের ব্যক্তিগত সহকারীর কাছে পদত্যাগপত্র জমা দিয়েছি।’সোহেল আহমেদ তাঁর পদত্যাগের কারণ প্রসঙ্গে সাংবাদিকদের বলেন, ‘প্রক্টরের দায়িত্ব পালন করতে গিয়ে আমার গবেষণা কার্যক্রম ব্যাহত হচ্ছে। এ জন্য উপাচার্যের কাছে পদত্যাগপত্র জমা দিয়েছি।’সোহেল আহমেদকে গত বছরের ২২ অক্টোবর দুই বছরের জন্য প্রক্টরের দায়িত্ব দেওয়া হয়েছিল। আনোয়ার হোসেন গতকাল রাতে প্রথম আলোকে বলেন, সহকারী প্রক্টরদের পদত্যাগপত্র তিনি পাননি। হরতাল ও সাভারে হতাহতের ঘটনায় শিক্ষা কার্যক্রম কিছুটা ব্যাহত হচ্ছে। তবে বিশ্ববিদ্যালয়ের অবস্থা আগের চেয়ে ভালো।