শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়
প্রক্টর ও ৫ শিক্ষার্থীকে মারধরের অভিযোগ, অবরোধ-ভাঙচুর
সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ও পাঁচ শিক্ষার্থীকে দক্ষিণ সুরমার কদমতলীতে শ্যামলী পরিবহনের কাউন্টারে আটকে রেখে মারধর করার অভিযোগ পাওয়া গেছে। গতকাল বৃহস্পতিবার রাতে সাড়ে আটটায় এ ঘটনা ঘটে। মারধরের খবর ক্যাম্পাসে পৌঁছালে ক্ষুব্ধ শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে অবস্থান নিয়ে সিলেট-সুনামগঞ্জ সড়ক অবরোধ করেন। এতে সড়কের উভয় পাশে বহু যানবাহন আটকা পড়ে।রাত সাড়ে ১১টার দিকে শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের পার্শ্ববর্তী মদিনা মার্কেট এলাকার সড়কে বিভিন্ন ধরনের অর্ধ শতাধিক গাড়িতে ভাঙচুর চালান। রাত ১২টায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত বিক্ষোভ-ভাঙচুর চলছিল।মারধরের শিকার শিক্ষার্থী ও পুলিশ সূত্র জানায়, শাহজালাল বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের মাস্টার্সের ১৯ জন শিক্ষার্থী ৮ অক্টোবর একটি প্রশিক্ষণে অংশ নিতে ঘোড়াশাল যান। সমাপনী অনুষ্ঠান শেষে ওই শিক্ষার্থীদের নিয়ে রসায়ন বিভাগের অধ্যাপক ও বিশ্ববিদ্যালয়ের প্রক্টর এস এম সাইফুল ইসলাম শ্যামলী পরিবহনের একটি বাসে করে গতকাল সন্ধ্যা সাড়ে সাতটায় সিলেটে ফিরে আসেন। বাসচালক যাত্রীদের কদমতলী কাউন্টারে নামিয়ে দেন এবং একটি ছোট্ট বাসযোগে শহরে পৌঁছে দেওয়ার কথা জানান।রাত সাড়ে আটটা পর্যন্ত অপেক্ষা করার পরও শ্যামলী পরিবহন কর্তৃপক্ষ কোনো গাড়ির ব্যবস্থা না করে যাত্রীদের সবাইকে নিজ উদ্যোগে চলে যাওয়ার জন্য অনুরোধ জানায়। কর্তৃপক্ষের এমন আচরণের প্রতিবাদ করেন বেশ কয়েকজন যাত্রী। শিক্ষার্থীরাও বিষয়টির প্রতিবাদ জানালে ওই পরিবহনের চালক-কর্মচারীরা কাউন্টার কক্ষের শাটার নামিয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ও কয়েকজন শিক্ষার্থীকে বেধড়ক মারধর করেন। এতে প্রক্টর এস এম সাইফুল ইসলাম এবং পাঁচ শিক্ষার্থী আহত হন। গুরুতর আহত শিক্ষার্থী আল-আমিম ও সুমনকে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্যরা প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।এই ঘটনায় বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার বাদী হয়ে শ্যামলী পরিবহন কর্তৃপক্ষের বিরুদ্ধে একটি মামলা করেন। বিশ্ববিদ্যালয়ের প্রক্টর এস এম সাইফুল ইসলাম শ্যামলী পরিবহনের লোকজনের হাতে শারীরিকভাবে লাঞ্ছিত হওয়ার কথা নিশ্চিত করেছেন।শ্যামলী পরিবহনের কদমতলী কাউন্টারের কর্মকর্তা মোহাম্মদ জালাল বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য গাড়ির ব্যবস্থা করতে দেরি হওয়ায় শিক্ষার্থীরা আমাদের কাউন্টারে ভাঙচুর চালায়। আমরা কাউকে মারধর করিনি।’সিলেট কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার নওরোজ আহমদ জানান, ওই ঘটনার পর বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক এলাকায় শিক্ষার্থীরা অবরোধ সৃষ্টি করেন। অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে সেখানে অতিরিক্ত পুলিশ পাঠানো হয়েছে।