প্রক্টরকে অব্যাহতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রক্টর মো. কামরুজ্জামান চৌধুরীকে তাঁর পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। আর বিশ্ববিদ্যালয়ের ছাত্র উপদেশ ও নির্দেশনা পরিচালককে তাঁর পদের অতিরিক্ত দায়িত্ব হিসেবে প্রক্টরের দায়িত্ব দেওয়া হয়েছে। গতকাল রোববার দুপুরে বিশ্ববিদ্যালয়ের এক দাপ্তরিক আদেশ সূত্রে এ তথ্য জানা গেছে।
বিশ্ববিদ্যালয় প্রশাসনের এক কর্মকর্তা বলেন, গতকাল রোববার দুপুর থেকে প্রক্টর মো. কামরুজ্জামান চৌধুরীকে তাঁর পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। গত বুধবার মো. কামরুজ্জামান চৌধুরী প্রক্টরের পদ থেকে অব্যাহতি চেয়ে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছে আবেদন করেন।
জানতে চাইলে অধ্যাপক মো. কামরুজ্জামান চৌধুরী বলেন, ‘আমি কিছুদিন আগে একটি স্কুল ও বিভাগের যথাক্রমে ডিন ও বিভাগীয় প্রধানের দায়িত্বে গ্রহণ করেছি। ডিন ও প্রক্টরের দায়িত্ব পালন বেমানান হওয়ায় অব্যাহতি চেয়ে আবেদন করেছি।’
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মো. আমিনুল হক ভূইয়া প্রথম আলোকে বলেন, মো. কামরুজ্জামান চৌধুরীর আবেদনের পরিপ্রেক্ষিতে প্রক্টরের পদ থেকে তাঁকে অব্যাহতি দেওয়া হয়েছে। পুনরাদেশ না দেওয়া পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের ছাত্র উপদেশ ও নির্দেশনা পরিচালক মো. রাশেদ তালুকদারকে তাঁর পদের অতিরিক্ত হিসেবে প্রক্টরের দায়িত্ব পালন করতে বলা হয়েছে।