প্রক্টরকে অব্যাহতি দেওয়ার দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

একজন শিক্ষকের বিরুদ্ধে উসকানিমূলক বক্তব্য দেওয়ার অভিযোগে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রক্টরকে অব্যাহতি দেওয়ার দাবি জানিয়েছে শিক্ষকদের একটি অংশ। গতকাল শনিবার এক বিজ্ঞপ্তিতে এই দাবি জানায় বামপন্থী শিক্ষকদের সংগঠন শিক্ষক মঞ্চ।
শিক্ষক মঞ্চের সমন্বয়ক দর্শন বিভাগের শিক্ষক রায়হান রাইন প্রথম আলোকে বলেন, ‘শিক্ষক সমিতি ও প্রশাসন কেউই এই ঘটনাটিকে গুরুত্ব দিচ্ছে না। কিন্তু এ ধরনের ঘটনা বিশ্ববিদ্যালয়ের সংস্কৃতির অবনয়ন ঘটায়। তাই আমরা এই বিজ্ঞপ্তির মাধ্যমে আমাদের বক্তব্য তুলে ধরে তাঁর (প্রক্টরের) অব্যাহতির দাবি জানাচ্ছি।’
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ফার্মেসি বিভাগের রজতজয়ন্তী ও পুনর্মিলনী অনুষ্ঠানের দিন এক শিক্ষার্থীর অসুস্থ হওয়াকে কেন্দ্র করে মারধর ও গুলি ছোড়ার ঘটনায় যথাযথ পদক্ষেপ না নিয়ে প্রক্টর তপন কুমার সাহা ছাত্রলীগ কর্মীদের দিয়ে একজন শিক্ষককে আটকে রাখতে উসকানি দিয়েছেন। পত্রিকায় প্রকাশিত একটি অডিও কথোপকথন অনুযায়ী, প্রক্টর একজন ছাত্রলীগ কর্মীকে যে নির্দেশ দিয়েছেন তাতে তিনি স্পষ্টতই তাঁর দায়িত্ব এড়িয়ে গেছেন এবং শিক্ষার্থীদের একটি বিভাগের সভাপতির বিরুদ্ধে উসকানি দিয়েছেন।