প্রক্টরিয়াল বডির তিন সদস্য ও প্রভোস্টের পদত্যাগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আমির হোসেন খানের বিরুদ্ধে অনিয়ম, দুর্নীতি ও স্বেচ্ছাচারিতার অভিযোগ এনে গত সোমবার প্রক্টরিয়াল বডির তিন সদস্যের সবাই পদত্যাগ করেছেন। একই অভিযোগ এনে পদত্যাগ করেছেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের প্রভোস্ট। উপাচার্যের পদত্যাগের দাবিতে সোমবারও বঙ্গবন্ধু পরিষদ রেজিস্ট্রার দপ্তরে তালা দিয়ে অবস্থান কর্মসূচি পালন করে।প্রক্টরিয়াল বডির তিন সদস্য বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার মোহাম্মদ তৌহিদুল ইসলামের কাছে তাঁরা পদত্যাগপত্র জমা দেন। পদত্যাগকারী সদ্যসরা হলেন রসায়ন বিভাগের শিক্ষক প্রক্টর মোহাম্মদ সৈয়দুর রহমান, পদার্থবিজ্ঞান বিভাগের শিক্ষক সহকারী প্রক্টর মোহাম্মদ জুলহাস মিয়া ও অর্থনীতি বিভাগের মো. শামিমুল ইসলাম। তাঁদের মধ্যে শামিমুল ইসলাম নবাব ফয়জুন্নেছা ছাত্রী হলের হাউস টিউটরের পদ থেকেও পদত্যাগ করেন। এ ছাড়া বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের প্রভোস্ট বিশ্বজিৎ চন্দ্র দেব পদত্যাগ করেন। বর্তমান উপাচার্যের আমলে সৈয়দুর রহমান এ নিয়ে তৃতীয়বার প্রক্টরের পদ থেকে পদত্যাগ করলেন। প্রক্টর সৈয়দুর রহমান বলেন, ‘প্রক্টরিয়াল বডি স্বাধীনভাবে কাজ করতে পারছে না। একই সঙ্গে উপাচার্য একের পর এক নিয়মপরিপন্থী কাজ করায় আমরা পদত্যাগ করেছি।’উপাচার্য আমির হোসেন মুঠোফোনে প্রথম আলোকে বলেন, ‘প্রক্টরিয়াল বডি ও প্রভোস্ট পদত্যাগ করেছেন বলে শুনেছি। আমি বিশ্ববিদ্যালয়ে যাইনি। সারা দিন বাসভবনে ছিলাম।’এদিকে বিশ্ববিদ্যালয়ের বিরাজমান পরিস্থিতি নিয়ে গত রোববার বিকেলে ঢাকায় সিন্ডিকেটের এক জরুরি সভা হয়েছে। সিন্ডিকেটের একাধিক সদস্য প্রথম আলোকে বলেন, গত রোববার বিকেলে ঢাকায় বিশ্ববিদ্যালয়ের লিয়াজোঁ দপ্তরে সিন্ডিকেটের জরুরি সভা হয়। সিন্ডিকেটের সভাপতি ও বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আমির হোসেনের সভাপতিত্বে সভায় বিশ্ববিদ্যালয়ের বর্তমান পরিস্থিতি নিয়ে আলোচনা এবং উদ্বেগ প্রকাশ করা হয়। সভায় বাংলা বিভাগের প্রধান মোহাম্মদ গোলাম মাওলা জাল ও ভুয়া সনদ নিয়ে চাকরি নেওয়ায় তাঁকে সাময়িকভাবে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়ার সিদ্ধান্ত হয়। একই সঙ্গে কলা ও মানবিক অনুষদের ডিনের পদ থেকে তাঁকে অব্যাহতি দেওয়ার সিদ্ধান্ত হয়। এ ছাড়া গোলাম মাওলার বিষয়টি তদন্তে সিন্ডিকেট সদস্য শরীফ এনামুল কবিরকে আহ্বায়ক করে তিন সদস্যের কমিটি করা হয়। কমিটিকে ১৫ কর্মদিবসের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে। বাংলা বিভাগের প্রধান ও কলা অনুষদের ডিন মোহাম্মদ গোলাম মাওলা বলেন, ‘বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের ওই সিদ্ধান্তের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়া হবে। উপাচার্য নিজের অনিয়ম ও দুর্নীতি ঢাকতেই ওই সিদ্ধান্ত নিয়েছেন।’উপাচার্য আমির হোসেন বলেন, গোলাম মাওলার বিরুদ্ধে সিন্ডিকেটে তদন্ত কমিটি হয়েছে। একই সঙ্গে তাঁকে সব পদ থেকে সাময়িকভাবে অব্যাহতি দেওয়া হয়েছে। আন্দোলন প্রসঙ্গে উপাচার্য বলেন, ‘সরকারের শেষ সময় এ ধরনের আন্দোলন কতটুকু যুক্তিসংগত, তা নিয়ে কোনো মন্তব্য করতে চাই না। আমি পুরো মেয়াদকাল থাকতে চাই।’এদিকে উপাচার্যবিরোধী আন্দোলনের অংশ হিসেবে আগামী সোমবার বিকেল তিনটায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনে শিক্ষক সমিতি সাধারণ সভা ডেকেছে। ওই সভায় তিনটি শিক্ষক সংগঠন বঙ্গবন্ধু পরিষদ, প্রগতিশীল শিক্ষক জোট ও সাদা দলের সদস্য ছাড়াও সাধারণ শিক্ষকেরা উপস্থিত থাকতে পারেন বলে জানা গেছে। ৩ জুলাই থেকে ১৩ দফা বাস্তবায়নের দাবিতে বঙ্গবন্ধু পরিষদ আন্দোলনে নামে। গত মঙ্গলবার থেকে সংগঠনটি উপাচার্য ও রেজিস্ট্রার দপ্তরে তালা দিয়ে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের নানা অনিয়মের বিচার চেয়ে আন্দোলন করছে।