প্রক্টরিয়াল বডির সব সদস্যের পদত্যাগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডির সব সদস্যই গতকাল বুধবার পদত্যাগ করেছেন। ‘ব্যক্তিগত’ কারণ দেখিয়ে একজন ভারপ্রাপ্ত প্রক্টর ও তিনজন সহকারী প্রক্টর গতকাল দুপুরে পৃথক পদত্যাগপত্র ভারপ্রাপ্ত রেজিস্ট্রারের কাছে জমা দেন। পদত্যাগকারীরা হলেন: ভারপ্রাপ্ত প্রক্টর ও বিশ্ববিদ্যালয়ের ব্যবস্থাপনা শিক্ষা বিভাগের সহকারী অধ্যাপক মুহম্মদ আহসান উল্যাহ এবং তিনজন সহকারী প্রক্টর লোকপ্রশাসন বিভাগের সহকারী অধ্যাপক মো. রশিদুল ইসলাম শেখ, হিসাববিজ্ঞানের সহকারী অধ্যাপক মো. তোফায়েল হোসেন মজুমদার ও নৃবিজ্ঞানের প্রভাষক মোহাম্মদ আইনুল হক।জানা গেছে, কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে প্রশাসনিক দ্বন্দ্বের জের ধরে প্রক্টরিয়াল বডির সদস্যরা পদত্যাগপত্র জমা দেন। তবে বিশ্ববিদ্যালয়ের নির্ভরযোগ্য সূত্র জানায়, বিশ্ববিদ্যালয়ের উচ্চপর্যায়ের প্রশাসনিক কর্মকর্তাদের কাছে দীর্ঘদিন ধরে প্রক্টর ও সহকারী প্রক্টরদের মতামত যথাযথভাবে গুরুত্ব পাচ্ছে না। বিশ্ববিদ্যালয়ের কল্যাণে প্রক্টরিয়াল বডি যে সিদ্ধান্ত দেয়, প্রশাসন তার বিপরীত সিদ্ধান্ত নেয়। এ অবস্থায় বিশ্ববিদ্যালয়ে বিশৃঙ্খল পরিবেশের সৃষ্টি হয়। প্রশাসনকে বিষয়টি বোঝাতে ব্যর্থ হয়ে তাঁরা পদত্যাগের সিদ্ধান্ত নেন। মূলত উপাচার্যের একনায়কতান্ত্রিক মনোভাব ও স্বৈরতান্ত্রিক নানা সিদ্ধান্তের কারণে প্রক্টরিয়াল বডি পদত্যাগ করে। সহকারী প্রক্টর মোহাম্মদ আইনুল হক বলেন, ‘ব্যক্তিগত কারণ দেখিয়ে আমরা পদত্যাগ করেছি।’ যোগাযোগ করলে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার মোহাম্মদ তৌহিদুল ইসলাম গতকাল বুধবার সন্ধ্যায় মুঠোফোনে প্রথম আলোকে বলেন, প্রক্টরিয়াল বডির সব সদস্য পদত্যাগ করেছেন। তাঁরা ব্যক্তিগত কারণ দেখিয়ে পদত্যাগ করেন। বিষয়টি উপাচার্যকে সঙ্গে সঙ্গে জানানো হয়েছে।জানতে চাইলে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আমির হোসেন খান গতকাল বুধবার রাত আটটায় মুঠোফোনে প্রথম আলোকে বলেন, ‘প্রক্টরিয়াল বডি পদত্যাগ করেছে কি না, আমি জানি না। ’ প্রক্টরিয়াল বডি ও ভারপ্রাপ্ত রেজিস্ট্রার তো বিষয়টি নিশ্চিত করেছেন—এ প্রসঙ্গে উপাচার্য কোনো মন্তব্য করেননি।