প্রক্টরের অপসারণের দাবিতে বিক্ষোভ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রংপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীকে পুলিশের মাধ্যমে আটকে রাখার অভিযোগে প্রক্টর মীর তামান্না ছিদ্দিকার অপসারণের দাবিতে গতকাল বুধবার বিক্ষোভ মিছিল করেছেন শিক্ষার্থীরা।
বিষয়টি খতিয়ে দেখতে বাংলা বিভাগের বিভাগীয় প্রধান নাজমুল ইসলামকে প্রধান করে পাঁচ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করে দিয়েছেন উপাচার্য।
গতকাল বেলা ১১টায় গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থীরা প্রক্টরের অপসারণের দাবিতে ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল বের করেন। এরপর তাঁরা প্রক্টরের কার্যালয় আধা ঘণ্টা ঘেরাও করে রাখেন। সেখানে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য দেন কয়েকজন শিক্ষার্থী।
১৪ এপ্রিল বর্ষবরণের মঙ্গল শোভাযাত্রা শেষ করার পর বেলা ১১টার দিকে দীপু তাঁর কয়েকজন বন্ধুকে নিয়ে বিশ্ববিদ্যালয়ের ২ নম্বর ফটক দিয়ে ক্যাম্পাসে প্রবেশ করছিলেন। এ সময় প্রক্টরের সঙ্গে অসদাচরণ করার অভিযোগে প্রক্টর তাঁকে পুলিশের কাছে তুলে দেন।
প্রক্টর মীর তামান্না সিদ্দিকা বলেন, ‘আমাকে উদ্দেশ করে ওই ছাত্র কিছু কথা ছুড়ে দেয়। এর পরিপ্রেক্ষিতে ওই শিক্ষার্থীকে পুলিশকে দিয়ে আটক করা হয়। কিছুক্ষণ পর আবার ছেড়েও দেওয়া হয়েছে।’