রংপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের প্রক্টর, কলা অনুষদের ডিন ও বাংলা বিভাগের প্রধান নাজমুল হককে অচেতন অবস্থায় তাঁর কক্ষ থেকে উদ্ধার করা হয়েছে। তিনি অতিরিক্ত ঘুমের ওষুধ খেয়ে আত্মহত্যার চেষ্টা করেছেন বলে জানা গেছে।
তাঁকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের নিবিড় পরিচর্যাকেন্দ্রে (আইসিইউ) রাখা হয়েছে। তাঁর অবস্থা সংকটাপন্ন বলে জানিয়েছেন চিকিৎসকেরা।
বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী ও শিক্ষক সূত্রে জানা গেছে, গত শনিবার সকালে তিনি বাড়ি থেকে বিশ্ববিদ্যালয়ে যান। সারা দিন কর্মস্থলে দায়িত্ব পালন শেষেও বাড়ি ফেরেননি। বিকেলে তিনি ক্যাম্পাস থেকে বের হন। রাতেও বাড়ি না ফেরায় খোঁজাখুঁজি শুরু হয়। এ সময় তাঁর মুঠোফোনটি বন্ধ পাওয়া যায়।
শহরের বিভিন্ন স্থানে অনেক খোঁজাখুঁজির পরও পাওয়া না গেলে রাত তিনটার দিকে বিশ্ববিদ্যালয়ের হেয়াত মামুদ ভবনে বাংলা বিভাগে নাজমুল হকের কক্ষে খোঁজ করা হয়। এ সময় কক্ষের ভেতর থেকে দরজা বন্ধ পাওয়া যায়। অনেক ডাকাডাকির পর সাড়া না পেয়ে দরজা ভেঙে ভেতরে ঢুকে অচেতন অবস্থায় চেয়ারে পড়ে থাকতে দেখা যায়।
নাজমুলের চেয়ারের নিচ থেকে ঘুমের ওষুধের ১০টি খালি পাতা পাওয়া যায়। পরে সহকর্মীরা দ্রুত তাঁকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। গতকাল রোববার সন্ধ্যা পর্যন্ত তাঁর জ্ঞান ফেরেনি। তাঁকে হাসপাতালের আইসিইউতে রাখা হয়েছে।
তবে আত্মহত্যা-চেষ্টার কারণ সম্পর্কে তাঁর বিভাগের শিক্ষক ও পরিবারের সদস্যরা কিছু বলতে পারছেন না।
এ ব্যাপারে বাংলা বিভাগের শিক্ষক তুহিন ওয়াদুদ বলেন, ‘একজন সহকর্মীর এমন অবস্থায় মুখে কোনো ভাষা নেই। হাসপাতালেই আছি। কী বলব বুঝে উঠতে পারছি না।’
নাজমুল হকের স্ত্রী ও সরকারি বেগম রোকেয়া কলেজের বাংলা বিভাগের শিক্ষক সুরাইয়া বেগমকে হাসপাতালে বাক্রুদ্ধ অবস্থায় দেখা গেছে। কোনো কিছুই বলছেন না।
রংপুর মেডিকেল কলেজের পরিচালক গোলাম মোস্তফা প্রথম আলোকে বলেন, তাঁর অবস্থা সংকটাপন্ন। তবে চিকিৎসায় কোনো ত্রুটি করা হচ্ছে না।