জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের নিরাপত্তা দিতে ব্যর্থ হওয়ার অভিযোগ তুলে প্রক্টরের কার্যালয়ে তালা ঝুলিয়ে তাঁর পদত্যাগ দািব করেছেন ছাত্রলীগের নেতা-কর্মীরা৷ গত সোমবার রাত ১০টার দিকে ওই তালা ঝোলানোর পরও বিশ্ববিদ্যালয় প্রশাসন কোনো ব্যবস্থা নেয়নি৷
এদিকে রাজধানীর গাবতলীতে শিক্ষার্থীদের দোতলা বাসের ভেতরে রেখেই ভাঙচুরের ঘটনায় সাধারণ শিক্ষার্থীদের দাবি মেনে নিয়েছে প্রশাসন ও ভিলেজ লাইন বাস সার্ভিসের মালিক সমিতি৷ গতকাল মঙ্গলবার বেলা ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের সিনেট হলে উপাচার্য, শিক্ষার্থী, ভিলেজ লাইন বাস সার্ভিসের মালিক সমিতি ও পুলিশ প্রশাসনের উপস্থিতিতে অনুষ্ঠিত যৌথ সভায় দাবিগুলো মেনে নেওয়া হয়৷
যৌথ সভায় বাসমালিক সমিতির নেতারা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও প্রশাসনের কাছে দুঃখ প্রকাশ করে ক্ষমা চান৷ উপযুক্ত প্রমাণ সাপেক্ষে শিক্ষার্থীদের ক্ষতিপূরণ দেওয়ার অঙ্গীকার করেন৷ ১১ জুনের মধ্যে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে ভিলেজ লাইন বাস সার্ভিসের টিকিট কাউন্টার করার প্রতিশ্রুতি দেন৷ সেই সঙ্গে ভবিষ্যতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার অঙ্গীকার করেন৷
সভায় উপস্থিত ছিলেন সহ-উপাচার্য মো. আবুল হোসেন, প্রক্টর তপন কুমার সাহাসহ প্রক্টরিয়াল বডির অন্যান্য সদস্য, আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বদরুল আলম প্রমুখ৷
ওই সভায় ছাত্রলীগকে আমন্ত্রণ না জানানোয় ক্ষোভ প্রকাশ করেছেন সংগঠনের নেতা-কর্মীরা৷ সোমবার রাতে প্রক্টরের পদত্যাগ দাবি করার পর গতকাল বেলা ১১টার দিকে সাধারণ সভা করেন তাঁরা৷ সভা শেষে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি মাহমুদুর রহমান ও সাধারণ সম্পাদক রাজীব আহমেদ বলেন, আলোচনা সভায় প্রশাসন তাঁদের না ডাকায় তাঁরা যাননি৷ সভায় গ্রীষ্মকালীন ছুটির পর পোষ্য কোটার বিরুদ্ধে আন্দোলনের সিদ্ধান্ত হয়েছে৷
প্রক্টরের কার্যালয়ে তালা ঝোলানোর বিষয়ে মাহমুদুর রহমান বলেন, ‘সাধারণ শিক্ষার্থীরা তালা ঝুলিয়েছেন৷ আমরা তাঁর সঙ্গে একাত্মতা প্রকাশ করেছি৷’
এ বিষয়ে উপাচার্য ফারজানা ইসলাম প্রথম আলোকে বলেন, ‘তারা প্রক্টরের কার্যালয়ে এখনো তালা ঝুলিয়ে রেখেছে৷ যেসব শিক্ষার্থী গাড়ি ভাঙচুরের সময় আতঙ্কিত বা আহত হয়েছে, তাদের সঙ্গে কথা বলে সব দাবি মেনে নেওয়া হয়েছে৷ সে সময় ছাত্রলীগের নেতারা প্রক্টরের ফোন ধরেনি৷ আজ (গতকাল) একই সময় তাদেরও সভা ছিল৷ সব মিলিয়ে আজকে (গতকাল) তাদের ডাকার সুযোগ হয়নি৷’