প্রক্টরের কার্যালয়ের তালা খুলে দিয়েছে ছাত্রলীগ
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের সঙ্গে আলোচনার পর প্রক্টরের কার্যালয়ের তালা খুলে দিয়েছে ছাত্রলীগ৷ দুই দিন তালাবদ্ধ রাখার পর গতকাল বৃহস্পতিবার বেলা একটার দিকে তালা খুলে দেওয়া হয়৷
বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি মাহমুদুর রহমান ও সাধারণ সম্পাদক রাজীব আহমেদ প্রশাসনের বিরুদ্ধে ছাত্রলীগে বিভক্তি সৃষ্টির অভিযোগ করলে গত বুধবার রাতে তাঁদের সঙ্গে আলোচনায় বসেন উপাচার্য ফারজানা ইসলাম৷ রাত সাড়ে আটটার দিকে উপাচার্যের বাসভবনে আলোচনা শুরু হয়৷ এ সময় সহ-উপাচার্য মো. আবুল হোসেন উপস্থিত ছিলেন৷ ছাত্রলীগের নেতারা তাঁদের অভিযোগ তুলে ধরেন এবং প্রক্টরের পদত্যাগ দাবি করেন৷
গত সোমবার রাজধানীর গাবতলীতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের বহনকারী দোতলা বাসের ভেতরে রেখেই ভাঙচুরের ঘটনায় নিরাপত্তা দিতে ব্যর্থ হওয়ার অভিযোগ এনে প্রক্টরের পদত্যাগ দাবি করে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ৷ পদত্যাগের দাবিতে ওই দিন রাতেই সংগঠনের নেতা-কর্মীরা প্রক্টরের কার্যালয়ে তালা ঝুলিয়ে দেন৷ নিরাপত্তা দিতে ব্যর্থ হওয়ার অভিযোগ তোলার এক দিন পরেই তাঁরা ছাত্রলীগে বিভক্তি সৃষ্টির অভিযোগে প্রক্টরের পদত্যাগের দাবি জানান৷