প্রক্টরের পদত্যাগ দাবিতে বিক্ষোভ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রক্টরের পদত্যাগের দাবিতে গতকাল বুধবার অবরোধ ও বিক্ষোভ মিছিল করেছে প্রগতিশীল ছাত্রজোট, সাম্রাজ্যবাদবিরোধী ছাত্রঐক্য ও জাহাঙ্গীরনগর সাংস্কৃতিক জোট। শিক্ষার্থীদের নিরাপত্তা দিতে ব্যর্থতা ও শিক্ষার্থীদের ওপর পুলিশি হামলায় ‘মদদ দেওয়ার’ অভিযোগে এ কর্মসূচি পালন করা হয়।
কর্মসূচি চলাকালে গতকাল সকাল সাড়ে নয়টা থেকে সাড়ে দশটা পর্যন্ত সমাজবিজ্ঞান অনুষদের প্রধান ফটক অবরুদ্ধ করে রাখেন নেতা-কর্মীরা। পরে সেখান থেকে বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে নতুন কলা ভবন চত্বরে শেষ হয়। সেখানে সংক্ষিপ্ত সমাবেশ করা হয়।
সমাবেশে ছাত্র ইউনিয়নের বিশ্ববিদ্যালয় সংসদের সভাপতি দীপাঞ্জন সিদ্ধান্ত কাজল, সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের বিশ্ববিদ্যালয় শাখার সাধারণ সম্পাদক সুস্মিতা মরিয়ম, জাহাঙ্গীরনগর সাংস্কৃতিক জোটের সভাপতি জুবায়ের টিপু প্রমুখ বক্তব্য দেন। এ সময় প্রক্টর তপন কুমার সাহার পদত্যাগ দাবি করে বক্তারা বলেন, প্রক্টর শিক্ষার্থীদের নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছেন। তিনি পুলিশি হামলায় ‘মদদ’ দিয়েছেন। পুলিশ যখন শিক্ষার্থীদের ওপর হামলা চালায় তখন বিশ্ববিদ্যালয়ের ফটক বন্ধ করে রাখা হয়েছিল। সমাবেশ থেকে আজ বৃহস্পতিবার সকাল সাড়ে দশটায় প্রক্টরের পদত্যাগের দাবিতে কালো ব্যাজ ধারণ করে শহীদ মিনারে অবস্থান কর্মসূচির ঘোষণা দেওয়া হয়।
গত সোমবার সকালে তনু হত্যাসহ দেশজুড়ে সব খুন-গুম-ধর্ষণের প্রতিবাদে বিশ্ববিদ্যালয়ের প্রান্তিক ফটকের সামনে ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করেন এসব সংগঠনের নেতা-কর্মীরা। এ সময় পুলিশ শিক্ষার্থীদের লাঠিপেটা করে এবং ১২ জনকে ধরে থানায় নিয়ে যায়। বিকেল চারটার দিকে প্রক্টর আশুলিয়া থানায় গিয়ে মুচলেকা দিয়ে শিক্ষার্থীদের ছাড়িয়ে আনেন। এ ঘটনার পর সোমবার সন্ধ্যায় সংবাদ সম্মেলন করে প্রক্টরের পদত্যাগ দাবি করেন ছাত্রসংগঠনের নেতা-কর্মীরা।
সোমবার শিক্ষার্থীদের সংবাদ সম্মেলনের পর প্রক্টর তপন কুমার সাহা প্রথম আলোকে বলেন, ‘আমি পুলিশ আনিনি। পুলিশের লাঠিপেটার সময় আমি ঘটনাস্থলেই ছিলাম না। বাইরের গাড়ি যাতে ক্যাম্পাসে ঢুকতে না পারে তাই ফটক চাপানো ছিল, বন্ধ ছিল না।’
এ বিষয়ে উপাচার্য ফারজানা ইসলাম গতকাল সন্ধ্যায় বলেন, ‘শিক্ষার্থীদের কথা শুনেছি। তদন্ত সাপেক্ষে এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’