প্রক্টরের পর সহকারী প্রক্টর পদেও পরিবর্তন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রক্টরের পর এবার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে সহকারী প্রক্টরের বেশ কয়েকটি পদেও পরিবর্তন আনা হয়েছে। নতুন সহকারী প্রক্টর হিসেবে দায়িত্ব পেয়েছেন তিন শিক্ষক।
গত মঙ্গলবার আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের সহকারী অধ্যাপক হেলাল উদ্দিন আহম্মদ ও পালি বিভাগের সহকারী অধ্যাপক লিটন মিত্র সহকারী প্রক্টরের দায়িত্ব পেয়েছেন। এর আগের দিন সহকারী প্রক্টরের দায়িত্ব নেন সমাজতত্ত্ব বিভাগের সহকারী অধ্যাপক আনোয়ার হোসেন চৌধুরী।
দীর্ঘদিন ধরে সহকারী প্রক্টর হিসেবে দায়িত্ব পালন করা মৎস্য ও সমুদ্রবিজ্ঞান ইনস্টিটিউটের সহকারী অধ্যাপক মোহাম্মদ অহিদুল আলম ও পালি বিভাগের প্রভাষক অরূপ বড়ুয়া ব্যক্তিগত কারণ দেখিয়ে মঙ্গলবার পদত্যাগ করেন।
তিন সহকারী প্রক্টরকে দায়িত্ব দেওয়া এবং দুজনের পদত্যাগের বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) আলমগীর চৌধুরী।
সহকারী প্রক্টর হিসেবে নতুন নিয়োগ পাওয়া তিন শিক্ষক এর আগেও এই পদে দায়িত্ব পালন করেছেন।
১৫ জুন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য হিসেবে দায়িত্ব নেন অধ্যাপক ইফতেখার উদ্দিন চৌধুরী। তাঁর দায়িত্ব নেওয়ার তিন দিনের মাথায় প্রক্টর সিরাজ উদ দৌল্লাহ দায়িত্ব থেকে সরে যান। নতুন প্রক্টর নিয়োগ দেওয়া হয় যোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহযোগী অধ্যাপক মোহাম্মদ আলী আজগর চৌধুরীকে।