চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনালের জন্য ১৭ বছর আগে যন্ত্রপাতি কেনার সিদ্ধান্ত হয়েছিল। কিন্তু কী প্রক্রিয়ায় এসব যন্ত্রপাতি কেনা হবে, সে সিদ্ধান্তই নেওয়া হয়েছে পাঁচবার। প্রতিবারই প্রতিটি সিদ্ধান্ত হয় বাতিল নয়তো স্থগিত করা হয়েছে। এর ফল হচ্ছে, টার্মিনালের সক্ষমতা বাড়ানোর জন্য প্রয়োজনীয় যন্ত্রপাতি ১৭ বছরেও কেনা সম্ভব হয়নি। সম্প্রতি ষষ্ঠবারের মতো যন্ত্রপাতি কেনার বিষয়ে নতুন করে সিদ্ধান্ত হয়েছে।
যন্ত্রপাতি বন্দর নিজেরা কিনে ঠিকাদারদের দিয়ে তা পরিচালনা করবে, নাকি ঠিকাদারেরা নিজেদের খরচে যন্ত্রপাতি কিনে তা পরিচালনা করবে—মূলত এ নিয়ে বারবার সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং তা পাল্টানো হয়েছে। সর্বশেষ সিদ্ধান্তটি হচ্ছে, বন্দরের টাকায় প্রতিযোগিতামূলক দরপত্রে যন্ত্রপাতি কেনা হবে।
বর্তমানে নিউমুরিং কনটেইনার টার্মিনালে সনাতন পদ্ধতিতে (জাহাজের ক্রেন ব্যবহার করে) কনটেইনার ওঠানো-নামানো হয়। এ পদ্ধতিতে জাহাজ থেকে ঘণ্টায় সর্বোচ্চ ১২টি কনটেইনার ওঠানো-নামানো যায়। কিন্তু গ্যান্ট্রি ক্রেন বা জেটির ক্রেন ব্যবহার করা হলে সনাতন পদ্ধতির চেয়ে ঘণ্টায় দ্বিগুণেরও বেশি কনটেইনার ওঠানো-নামানো সম্ভব। টার্মিনালটি চালু হয় ২০০৭ সালে। টার্মিনাল নির্মাণ এবং এর জন্য আধুনিক যন্ত্রপাতি কেনার প্রক্রিয়া ১৭ বছর আগে একসঙ্গে শুরু হয়েছিল।
তৈরি পোশাকমালিকদের সংগঠন বিজিএমইএর সাবেক প্রথম সহসভাপতি নাসির উদ্দিন চৌধুরী প্রথম আলোকে বলেন, প্রতিবছর বেসরকারি খাতের প্রবৃদ্ধি বাড়ছে। এ পরিস্থিতিতে একটি টার্মিনালের যন্ত্রপাতি কেনার সিদ্ধান্ত ১৭ বছর ধরে ঘুরপাক খেলে আন্তর্জাতিক বাণিজ্যে ব্যবসার সক্ষমতায় টিকে থাকা কঠিন। তিনি বলেন, শিল্পের কাঁচামাল আমদানি বা পোশাক পণ্যসহ রপ্তানি পণ্য পরিবহন হয় কনটেইনারে। আধুনিক যন্ত্রপাতি ব্যবহার করে এই টার্মিনাল চালু করতে যত দেরি হবে, ততই ব্যবসা-বাণিজ্য ক্ষতিগ্রস্ত হবে।
নৌ মন্ত্রণালয় সূত্র জানায়, গত ১৪ মার্চ চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের উন্নয়ন, আর্থিক ও প্রশাসনিক বিষয়ে মন্ত্রণালয়ে অনুষ্ঠিত সভায় নিউমুরিং টার্মিনালের জন্য ১ হাজার ১২০ কোটি টাকার ৬১টি যন্ত্রপাতি বন্দরের নিজস্ব অর্থায়নে কেনার সিদ্ধান্ত হয়।
জানতে চাইলে চট্টগ্রাম বন্দর পর্ষদের সদস্য (পরিকল্পনা ও প্রশাসন) জাফর আলম প্রথম আলোকে বলেন, আধুনিক যন্ত্রপাতি দিয়ে এই টার্মিনাল পরিচালনা করতে হলে প্রতিযোগিতামূলক দরপত্রে বন্দরের টাকায় যন্ত্রপাতি কেনা ছাড়া আর কোনো বিকল্প নেই। মন্ত্রণালয়ের সিদ্ধান্ত অনুযায়ী দরপত্র আহ্বান করে এসব যন্ত্রপাতি কেনার প্রক্রিয়া দ্রুত শুরু করা হবে।
কনটেইনার ওঠানো-নামানোর জন্য চট্টগ্রাম বন্দরে তিনটি টার্মিনালে ১৩টি জেটি রয়েছে। এর মধ্যে নিউমুরিং টার্মিনালে জেটি রয়েছে ৫টি। এই টার্মিনালে কনটেইনার ওঠানো-নামানোর ক্ষমতা চট্টগ্রাম ও মংলা বন্দরের অন্য সব জেটি-টার্মিনালের চেয়ে বেশি। কিন্তু সনাতন যন্ত্রপাতি দিয়ে এটি পরিচালনা করায় পুরো ক্ষমতা ব্যবহার করা যাচ্ছে না।
বন্দর সূত্র জানায়, ১৯৯৯ সালের ১২ মে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় বন্দরের অর্থায়নে যন্ত্রপাতিসহ নিউমুরিং টার্মিনাল নির্মাণের অনুমোদন দেওয়া হয়। পরে সিদ্ধান্ত হয়, টার্মিনাল নির্মাণ করবে বন্দর আর যন্ত্রপাতি কিনবে টার্মিনাল পরিচালনাকারী ঠিকাদার। এ সিদ্ধান্ত অনুযায়ী যন্ত্রপাতি কিনে টার্মিনাল পরিচালনার জন্য দরপত্র আহ্বান করা হয়। কিন্তু দেশীয় প্রতিষ্ঠানকে অংশ নেওয়ার সুযোগ দিতে এই দরপত্র বাতিল করা হয়। দেশীয় প্রতিষ্ঠানকে দরপত্রে অংশ নেওয়ার সুযোগ করে দিয়ে নতুন করে দরপত্র আহ্বান করা হলেও তা আইনি জটিলতায় বাতিল করা হয়।
বন্দর সূত্র জানায়, ২০১৩ সালে বন্দর নিজস্ব অর্থায়নে যন্ত্রপাতি কেনার প্রক্রিয়া শুরু করে। এ জন্য আবারও দরপত্র আহ্বান করা হয়। কিন্তু নৌপরিবহন মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সুপারিশে এই দরপত্রও স্থগিত করা হয়। এরপর জি টু জি (সরকারের সঙ্গে সরকার) পদ্ধতি অনুসরণ করে চীনের ঋণের আওতায় ৩০টি যন্ত্রপাতি কেনার বিষয়ে নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়। তবে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার আগে এটিও আবার বাতিল করা হয়।
নিউমুরিং টার্মিনাল নির্মাণ ও পরিচালনার প্রক্রিয়ায় জড়িত ছিলেন বন্দর পর্ষদের সাবেক সদস্য হাদী হোসাইন। তিনি প্রথম আলোকে বলেন, এই টার্মিনালের যন্ত্রপাতির জন্য কেনাকাটার পরিমাণ এক হাজার কোটি টাকার বেশি। এই বিপুল পরিমাণ কেনাকাটার বিষয়টি সামনে রেখে অনেকে কাজ পেতে তৎপর। এ কারণে বারবার সিদ্ধান্ত বদল হচ্ছে। এখন বন্দরের টাকায় যন্ত্রপাতি কেনার ক্ষেত্রে যদি স্বচ্ছতা না থাকে, তাহলে আবারও জটিলতায় পড়ার আশঙ্কা রয়েছে।